ধূপখোলা মাঠে 'বাণিজ্যিক শিশুপার্ক' নয়
পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে ‘বাণিজ্যিক শিশুপার্ক’ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ঘনবসতিপূর্ণ এই এলাকায় পার্কের চেয়ে উন্মুক্ত সবুজ পরিবেশ ও খেলার মাঠ বেশি জরুরি। অবিলম্বে এই মাঠটি সংস্কার করতে হবে।
শুক্রবার বেলা তিনটায় ধূপখোলা মাঠে এই মানববন্ধন হয়। ‘বাণিজ্যিক শিশুপার্ক নয়, উন্নত সবুজ খেলার মাঠ চাই’ শীর্ষক স্লোগানে এই মানববন্ধনের আয়োজন করে গেন্ডারিয়া সোনালি অতীত খেলোয়াড় কল্যাণ সোসাইটি। এতে পুরান ঢাকার ইস্ট অ্যান্ড ক্রিকেট একাডেমি, গেন্ডারিয়া সোনালি অতীত ফুটবল একাডেমি, গেন্ডারিয়া ক্রিকেট একাডেমি, পাওয়ার সান ফুটবল একাডেমি, মীর হাজিরবাগ স্পোর্টিং ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, কোচসহ আশপাশের মহল্লার শিশু-কিশোরেরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত মার্চে প্রায় সাত একর আয়তনের এই মাঠে একটি আধুনিক শিশুপার্ক নির্মাণে ২০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ইতিমধ্যে মাঠের নকশার কাজ প্রায় সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শিগগিরই তারা দরপত্র আহ্বান করবে। অথচ দীর্ঘদিন ধরে খেলাধুলার অনুপযোগী এই মাঠটি সংস্কার করেনি ডিএসসিসি।
মানববন্ধনে লিখিত বক্তব্য পড়েন গেন্ডারিয়া সোনালি অতীত খেলোয়াড় কল্যাণ সোসাইটির সংগঠক ও কোচ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্রিকেট ও ফুটবলের জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় এই মাঠে খেলাধুলা করছেন। বর্তমানে গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল, ওয়ারী, যাত্রাবাড়ী, শ্যামপুরসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকার শিশু-কিশোরেরা সেখানে নিয়মিত খেলাধুলা করে। এই মাঠে বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণ করলে এলাকার পরিবেশ আরও খারাপ হবে। উন্মুক্ত স্থান বলতে কিছুই থাকবে না।
মহিউদ্দিন আহমেদ বলেন, এই মাঠে বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণ করা হলে খেলাধুলা থেকে বঞ্চিত হবে এলাকার শিশু-কিশোর ও যুবকেরা। তা ছাড়া আবাসিক এই এলাকায় সরু সড়কে যানজট বেড়ে যাবে। ডিএসসিসিকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
ওই সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের শারীরিক বিকাশের জন্য খেলার মাঠ খুব বেশি জরুরি। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার জন্য খেলার মাঠ এবং উন্মুক্ত পরিবেশ দরকার। ডিএসসিসিকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে৷
ওই সোসাইটির কোষাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, কয়েক বছর আগে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণসামগ্রী রাখায় মাঠটি নষ্ট হয়ে গেছে। এখন মাঠে বড় বড় গর্ত ও ইটপাথরে ভরা। বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ হয়ে রয়েছে। বাতাসে ধুলাবালি ওড়ে। তারপরও শিশু-কিশোরেরা মাঠে খেলাধুলা করে। মহল্লার অনেক মানুষ সকাল-বিকেল হাঁটতে আসে।
গেন্ডারিয়ার ৫ নম্বর ঢালকা নগর লেনের স্থানীয় বাসিন্দা সম্রাট দুদু বলেন, পুরান ঢাকার মধ্যে এই মাঠটি সবচেয়ে বড়। এই মাঠে ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়েরা নিয়মিত প্রশিক্ষণ নেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক দলে ক্রিকেট খেলে শিশু-কিশোর ও যুবকেরা।