ধূপখোলা মাঠে 'বাণিজ্যিক শিশুপার্ক' নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে বাণিজ্যিক পার্ক তৈরির বিরুদ্ধে গতকাল বিকেলে মাঠে মানববন্ধন করে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সাধারণ মানুষ l ছবি: প্রথম আলো
গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে বাণিজ্যিক পার্ক তৈরির বিরুদ্ধে গতকাল বিকেলে মাঠে মানববন্ধন করে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সাধারণ মানুষ l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠে ‘বাণিজ্যিক শিশুপার্ক’ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ঘনবসতিপূর্ণ এই এলাকায় পার্কের চেয়ে উন্মুক্ত সবুজ পরিবেশ ও খেলার মাঠ বেশি জরুরি। অবিলম্বে এই মাঠটি সংস্কার করতে হবে।
গতকাল শুক্রবার বিকেল তিনটায় ধূপখোলা মাঠে এই মানববন্ধন করা হয়। ‘বাণিজ্যিক শিশুপার্ক নয়, উন্নত সবুজ খেলার মাঠ চাই’ স্লোগান নিয়ে এই মানববন্ধনের আয়োজন করে গেন্ডারিয়া সোনালি অতীত খেলোয়াড় কল্যাণ সোসাইটি। এতে পুরান ঢাকার ইস্ট এন্ড ক্রিকেট একাডেমি, গেন্ডারিয়া সোনালি অতীত ফুটবল একাডেমি, গেন্ডারিয়া ক্রিকেট একাডেমি, পাওয়ার সান ফুটবল একাডেমি, মীর হাজিরবাগ স্পোর্টিং ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও কোচসহ আশপাশের মহল্লার শিশু-কিশোরেরা অংশগ্রহণ করে৷ গত ২৪ নভেম্বর ধূপখোলা মাঠে বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগের বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল৷
মানববন্ধনে বক্তারা বলেন, গত মার্চে প্রায় সাত এক আয়তনের এই মাঠে একটি আধুনিক শিশুপার্ক নির্মাণে ২০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। ইতিমধ্যে মাঠের নকশাকাজ প্রায় সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শিগগিরই তারা দরপত্র আহ্বান করবে। অথচ দীর্ঘদিন ধরে খেলাধুলার অনুপযোগী এই মাঠটি সংস্কার করেনি ডিএসসিসি।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন গেন্ডারিয়া সোনালি অতীত খেলোয়াড় কল্যাণ সোসাইটির সংগঠক ও কোচ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্রিকেট ও ফুটবলের জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় এই মাঠে খেলাধুলা করছেন। বর্তমানে গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল, ওয়ারী, যাত্রাবাড়ী, শ্যামপুরসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকার শিশু-কিশোরেরা সেখানে নিয়মিত খেলাধুলা করে। এই মাঠে বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণ করলে এলাকার পরিবেশ আরও খারাপ হবে। উন্মুক্ত স্থান বলতে কিছুই থাকবে না। এই মাঠে বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণ করা হলে খেলাধুলা থেকে বঞ্চিত হবে এলাকার শিশু-কিশোর ও যুবকেরা। এ ছাড়া আবাসিক এই এলাকায় সরু সড়কে যানজট বেড়ে যাবে। ডিএসসিসিকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের শারীরিক বিকাশের জন্য খেলার মাঠ খুব বেশি জরুরি। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার জন্য খেলার মাঠ এবং উন্মুক্ত পরিবেশ দরকার। ডিএসসিসিকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে৷
মানববন্ধনে আরও বক্তব্য দেন সোসাইটির কোষাধ্যক্ষ আজিজুর রহমান, স্থানীয় বাসিন্দা সম্রাট দুদু।