ধূপখোলায় সড়ক দখল করে কাঁচাবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার ধূপখোলা মাঠের পশ্চিম পাশের সড়কে কাঁচাবাজার বসায় যান চলাচলে অসুবিধা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
পুরান ঢাকার ধূপখোলা মাঠের পশ্চিম পাশের সড়কে কাঁচাবাজার বসায় যান চলাচলে অসুবিধা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পুরান ঢাকার ধূপখোলা সিটি মার্কেটের পশ্চিম ও উত্তর পাশের সড়ক দখল করে অবৈধভাবে বসছে কাঁচাবাজার। এতে এই সড়কে পথচারী ও যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সিটি মার্কেটের ব্যবসা-বাণিজ্যেও ব্যাঘাত ঘটছে। কিন্তু কাঁচাবাজারটি স্থায়ীভাবে উচ্ছেদের কোনো পদক্ষেপ নিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে এই বাজার থেকে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের কতিপয় নেতা-কর্মী ও পুলিশের কয়েকজন সদস্য নিয়মিত চাঁদা আদায় করেন। ধূপখোলা মাঠের চারপাশের এই সিটি মার্কেট ডিএসসিসির ৪৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ধূপখোলা সিটি মার্কেটের সামনে সড়ক বন্ধ করে অবৈধভাবে বসেছে মাছ, মাংস, সবজি, ফলসহ বিভিন্ন ধরনের শতাধিক অস্থায়ী দোকান। এতে সড়কে কোনো যানবাহন চলতে পারছে না। বাজারের পাশেই সূর্যের হাসি ক্লিনিক ও কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। সড়ক দখল হওয়ায় শিক্ষার্থী, রোগীসহ সবাইকে যাতায়াতে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাঁচাবাজারের ময়লা ও আবর্জনায় সড়কের দুই পাশে নর্দমা বন্ধ হয়ে আছে। নর্দমার ময়লা পানি উপচে পড়ছে সড়কের ওপর। সিটি মার্কেটের অধিকাংশ দোকানিও ফুটপাত দখল করে মালামাল রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি মার্কেটের কয়েকজন দোকানি বলেন, সকালে বাজার বসার আগে দোকানপ্রতি দিনে ১০০ থেকে ১৫০ টাকা চাঁদা দিলে সড়কের ওপর দোকান বসানোর অনুমতি মেলে। আর কেউ টাকা ছাড়া দোকান বসালে অনেক ক্ষেত্রে তাঁকে মারধর করা হয়। তাঁদের এই অবৈধ দোকানের ফলে সিটি মার্কেটের ব্যবসা-বাণিজ্যে সমস্যা হচ্ছে। বাজারের এই চাঁদার টাকা ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের কতিপয় নেতা ও পুলিশের কিছু সদস্য ভাগ করে নেন। সিটি মার্কেটের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের ফটকে পাঁচ বছর ধরে মাছ বিক্রি করেন তোফাজ্জল মিয়া। তিনি বলেন, প্রতিদিন বাজার বসার আগে তাঁকে ২০০ টাকা করে খাজনা (চাঁদা) দিতে হয়। সিটি মার্কেট-সংলগ্ন ডিস্টিলারি সড়কের বাসিন্দা সুলতান আহম্মেদ বলেন, কয়েক মাস আগে সড়ক থেকে এই কাঁচাবাজার উচ্ছেদ করেছিল ডিএসসিসি। কিন্তু আবার বাজার বসছে। এতে দিন দিন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই বাজার থেকে মাসে কয়েক লাখ টাকার চাঁদা আদায় করা হয়।
ডিএসসিসির ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদির বলেন, তিন থেকে চার মাস আগে সড়ক থেকে এই বাজার উচ্ছেদ করা হয়েছিল৷ কিন্তু কয়েক দিন পর ক্ষমতাসীন দলের নেতাদের সহযোগিতায় আবার দোকান বসানো হয়েছে৷ এতে মহল্লার মানুষের চলাচলে অনেক কষ্ট হয়৷