ধূমপান ত্যাগে পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান ছাড়তে সহায়তা করতে রাজধানীর বারডেম হাসপাতালে পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। প্রতি বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত তাঁরা এ সেবা দেবেন।
এই কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তিনি মেডিকেল কলেজগুলোকে ধূমপানমুক্ত করবেন। কোনো ধূমপায়ী মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। এমনকি ভর্তি পরীক্ষায় প্রথম হলেও না। কীভাবে সেটি করা যায়, সে বিষয়ে কাজ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান। তিনি বলেন, ‘আসুন আমরা তামাকমুক্ত বাংলাদেশ গড়ি। ধূমপান যেকোনো নেশার চেয়ে ভয়ংকর। কারণ অন্য নেশায় শুধু তার ক্ষতি হয়। কিন্তু ধূমপানে অধূমপায়ীদেরও ক্ষতি হয়।’
তথ্যসচিব মরতুজা আহমেদ বলেন, শুধু আইন দিয়ে ধূমপান বন্ধ হবে না। সবাইকে সচেতন হতে হবে। তথ্য মন্ত্রণালয় সবাইকে সচেতন করতে কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানস-এর প্রতিষ্ঠাতা চিকিৎসক অরূপ রতন চৌধুরী।