ধূমপান বন্ধে জনসচেতনতা প্রয়োজন
রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ছোটবেলায় অপরিচিত কয়েকজন বয়স্ক লোককে ধূমপান করতে বারণ করায় শাস্তি হিসেবে তাঁকে কানে ধরে ‘ওঠ-বস’ করতে হয়েছিল। গতকাল মঙ্গলবার ‘ধূমপানমুক্ত পরিবেশ সৃষ্টি’ শীর্ষক এক মতবিনিময় সভায় মেয়র সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।পৌরসভা সভাকক্ষে আয়োজিত সভার সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, এখন ছেলেমেয়েরা বাবা-মায়েদের ধূমপান ত্যাগে বাধ্য করতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ধূমপানের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক সভা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। রাঙামাটি পৌরসভাকে ধূমপানমুক্ত এলাকা করতে কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলে মেয়র জানান।আলোচনা সভার প্রধান অতিথি রাঙামাটি জেলা সিভিল সার্জন মনিষা চাকমা বলেন, ধূমপানবিরোধী আইন করলে হবে না। তার প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, বিষমুক্ত পরিবেশ মানুষের অধিকার। আর যাঁরা ধূমপান করেন তাঁরা মানবাধিকার লঙ্ঘন করেন। ধূমপানের মূল উৎস তামাক চাষ বন্ধে জনসচেতনতা সৃষ্টি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।বেসরকারি সংস্থা ইপসা ও গ্লোবাল ভিলেজ আয়োজিত মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইপসার কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ আলী। বক্তব্য দেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, পৌর কমিশনার রবিউল আলমসহ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও পেশাজীবী। পরে রাঙামাটিতে ধূমপানবিরোধী নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও শহরসহ পর্যটন এলাকাগুলোতে ধূমপানবিরোধী সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।