রাজধানীর ৮৫ শতাংশ মানুষ প্রকাশ্যে ধূমপান করা নিষেধের বিষয়টি জানলেও ‘ধূমপানমুক্ত’ এলাকা কোনগুলো, সে সম্পর্কে জানেন না। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশনস (বিসিসিপি) ও জন হপকিন্স স্কুল অব পাবলিক হেলথ (জেএইচএসপিএইচ) যৌথভাবে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে ছয়টি জরিপের ফলাফল প্রকাশ করে। এর একটিতে এ তথ্য দেওয়া হয়েছে।
‘ঢাকা শহরে প্রকাশ্য স্থানে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসরণ: ঢাকা শহরে পরিচালিত একটি জরিপ’ শিরোনামে পরিচালিত ওই জরিপে মো. শাহরিয়ার শফিক রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ২৮টি জায়গার ওপর জরিপ চালান। জরিপে অংশগ্রহণকারী ৫৮৮ জনের ৮৫ শতাংশ জানেন না কোন কোন জায়গায় ধূমপান করা যাবে না। ঢাকায় বেড়াতে আসা ৭১ দশমিক ৭ শতাংশ মানুষ ধূমপানমুক্ত এলাকার কোনো নির্দেশিকা দেখেননি এবং ৯৬ শতাংশ প্রকাশ্য ধূমপায়ী কখনো শাস্তির আওতায় আসেননি বলে উল্লেখ করেন শাহরিয়ার শফিক।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত) ২০১৩ তে ধূমপান করা যাবে না—এমন ২৪টি জায়গা ও গণপরিবহন নির্দিষ্ট করে দেওয়া আছে। এগুলো হলো সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল, ক্লিনিক, বিমান, নৌ, সমুদ্রবন্দর, ভবন, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, ভবন, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণিবিতান, আবদ্ধ রেস্টুরেন্ট, শিশুপার্ক ও মেলা, মোটরগাড়ি, বাস, রেলগাড়ি, ট্রাম, জাহাজ, লঞ্চ, যান্ত্রিক সব ধরনের যানবাহন ও উড়োজাহাজ। জায়গাগুলোয় নির্দেশক ব্যবহারের দায়িত্ব দেওয়া হয়েছে মালিক ও ব্যবস্থাপককে। অপর্যাপ্ত শাস্তি ও নজরদারির অভাবে আইন মানা হচ্ছে না বলে মন্তব্য করেন শাহরিয়ার শফিক।
আরও পাঁচটি জরিপের ফলাফলও প্রকাশ করা হয় গতকাল। এর ফলাফল হচ্ছে পরিবারের সদস্যদের আড়ালে কিশোরেরা ধূমপান করছে, পুলিশের মধ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইনের নিয়ম ও ধারা সম্পর্কে জ্ঞানের অভাব আছে, তামাক কোম্পানির প্রলোভন ও সহায়তা এবং ফসলের বিক্রয় নিশ্চয়তা এবং প্রতিবেশীদের তামাক চাষে আগ্রহ কৃষককে তামাক চাষে উৎসাহিত করে, ধোঁয়াবিহীন তামাকে আসক্ত হওয়ার কারণ হলো সহজলভ্যতা, সামাজিকভাবে গ্রহণযোগ্য, সমবয়সীদের প্রভাব এবং সিগারেটের তুলনায় ধোঁয়াবিহীন তামাকের দাম কম।
বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশে প্রায় ১০ লাখ মানুষ তামাকজনিত রোগে ভুগে মারা যায়। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি বাস্তবায়নে কঠোর হাতে তামাক নিয়ন্ত্রণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।