ধূমপানমুক্ত গ্রাম গড়তে নবযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসুন মোরা ধূমপান ছাড়ি, সুস্থ সবল জীবন গড়ি’ স্লোগান সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম গ্রামের একদল তরুণ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।গতকাল বুধবার থেকে তাঁরা ধূমপানবিরোধী কার্যক্রম শুরু করেছেন। সকালে গ্রামের কয়েকজন ধূমপায়ীকে মসজিদ চত্বরে জড়ো করেন তাঁরা। পরে সেখানে আগুন ধরানো হয়। একে একে ধূমপায়ীদের কাছে থাকা বিড়ি-সিগারেট তাতে ছুড়ে দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় ধূমপায়ীরা জীবনে আর ধূমপান না করার অঙ্গীকার করেন।এর আগে তরুণেরা গত রোববার ৩১ সদস্যবিশিষ্ট ‘নবগ্রাম ধূমপানমুক্ত কমিটি’ নামে একটি কমিটি গঠন করেন। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে রাশিদুল হক সিদ্দিকী ও কে এম শহিদুল ইসলাম।রাশিদুল হক সিদ্দিকী জানান, তাঁরা তিন-চারজন করে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে গ্রামের ঘরে ঘরে গিয়ে ধূমপানের কুফল ব্যাখা করে সবাইকে ধূমপান ছেড়ে দেওয়া এবং ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ জানাবেন। কমিটির সদস্যরা ইতিমধ্যে ধূমপানবিরোধী বেশ কিছু প্রচারপত্র বিলি করেছেন। আগামী ছয় মাসের মধ্যে তাঁরা গ্রামটিকে শতভাগ ধূমপানমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।প্রসঙ্গত, গ্রামটিতে ৭৫টি পরিবার রয়েছে। এর মধ্যে ৬০টি পরিবারের লোকজন ধূমপান করেন।