ধূমপানমুক্ত সবুজ খানসামা গড়ার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা করে সবুজ উপজেলা গড়ার ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় তিনি উপজেলা কার্যালয় প্রাঙ্গণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। ছবি: এ এস এম আলমগীর
আজ মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা করে সবুজ উপজেলা গড়ার ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় তিনি উপজেলা কার্যালয় প্রাঙ্গণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। ছবি: এ এস এম আলমগীর

দিনাজপুরের খানসামা উপজেলার সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা করে সবুজ উপজেলা গড়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ মঙ্গলবার খানসামা উপজেলা চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ ঘোষণা দেন। সেই সঙ্গে উপজেলার আলোক ঝাড়ি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করেন তিনি।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, পৃথিবীতে এখন সবচেয়ে বড় ঝুঁকি জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ঝুঁকি মোকাবিলায় এবং পরিবেশ বাসযোগ্য করতে প্রত্যেককেই প্রয়োজনমতো গাছ লাগানো উচিত।

এ সময় মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়ার গাছ রোপণ করে পুরো উপজেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে একযোগে ৬ হাজার ৬৬৬টি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান প্রথম আলোকে জানান, কার্যক্রমটি সফল করতে এক মাস থেকে প্রচার চালানো হয়েছে। উপজেলার ২১৮ শিক্ষাপ্রতিষ্ঠান, ৪৪টি সরকারি কার্যালয়সহ বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সবুজ খানসামা গড়তে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি ফলদ, একটি করে ঔষধি এবং একটি করে সৌন্দর্যবর্ধন গাছসহ প্রতিটি প্রতিষ্ঠানে কমপক্ষে ১০টি করে গাছ দেওয়া হয়েছে। আজ পুরো উপজেলায় একযোগে এসব প্রতিষ্ঠানে মোট ৬ হাজার ৬৬৬টি গাছ রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার ১৩ হাজার ১২০ জন শিক্ষার্থীকে টিফিন বক্স বিতরণ, ৩০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার, ১৫ জন প্রতিবন্ধীর প্রত্যেককে চার হাজার টাকার চেক বিতরণ, ২০টি মাধ্যমিক বিদ্যালয়ে বুক সেলফ, ২৬০ জন রাত্রিকালীন পাহারাদারকে টর্চ লাইট ও ছাতা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৭৭ জনকে ঢেউটিন, ৫৪ জনকে টিউবওয়েল বিতরণ করেন।

এর আগে মন্ত্রী উপজেলা চান্দেরদহ এলাকায় খানসামা প্রবেশদ্বার, পাকেরহাট শিশুপার্কের উদ্বোধন, তেবাড়িয়া ঈদগাহের মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর এবং এক হাজার মেট্রিক টনের খাদ্যগুদাম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আবদুল জব্বার, সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী প্রমুখ।