ধূমপানমুক্ত সবুজ খানসামা গড়ার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৩ হাজার ১২০ শিক্ষার্থীর হাতে গতকাল টিফিন বক্স তুলে দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টিফিন বক্স বিতরণ করেন l প্রথম আলো
দিনাজপুরের খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৩ হাজার ১২০ শিক্ষার্থীর হাতে গতকাল টিফিন বক্স তুলে দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টিফিন বক্স বিতরণ করেন l প্রথম আলো

দিনাজপুরের খানসামা উপজেলার সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা করে সবুজ খানসামা গড়ার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

উপজেলা চত্বরে গতকাল মঙ্গলবার তিন দিনব্যপী বৃক্ষমেলাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল হাসান মাহমুদ আলী এ ঘোষণা দেন। সেই সঙ্গে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, পৃথিবীতে এখন সবচেয়ে বড় ঝুঁকি জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনে বেশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশ জলবায়ুর ঝুঁকি ও দুর্যোগ মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এর ধারাবাহিকতায় এ বছরই খানসামা একটি আদর্শ উপজেলা হিসেবে পরিচিতি লাভ করবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও পরিবেশ বাসযোগ্য করতে প্রত্যেককেই প্রয়োজনমতো গাছ লাগানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ধূমপান ও মাদক থেকে সব ধরনের অপরাধের জন্ম নেয়। গত বছর ১ ডিসেম্বর খানসামায় মাদকের বিরুদ্ধে গণজাগরণ ও শপথ হয়েছে। এর ধারাবাহিকতায় আলোকঝাড়ি ইউনিয়ন মাদকমুক্ত হলো। দ্রুতই পুরো উপজেলা মাদকমুক্ত হবে।

মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়ার গাছ রোপণ করে পুরো খানসামায় একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৬ হাজার ৬৬৬টি গাছ রোপণের উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করেন তিনি। এ ছাড়া মন্ত্রী উপজেলার ১৩ হাজার ১২০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স, ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, ১৫ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ৪ হাজার টাকার চেক, ২০টি মাধ্যমিক বিদ্যালয়ে বুকশেলফ, ২৬০ জন পাহারাদারের মাঝে টর্চ ও ছাতা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৭৭ জনের মাঝে ঢেউটিন, ৫৪ জনের মাঝে টিউবওয়েল বিতরণ করেন।

এর আগে মন্ত্রী উপজেলার চান্দেরদহ এলাকায় পাকেরহাট শিশুপার্কের উদ্বোধন, তেবাড়িয়া ঈদগাহের মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর এবং ১ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন খাদ্যগুদাম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আবদুল জব্বার, সম্পাদক শফিউল আযম চৌধুরী প্রমুখ।

ইউএনও সাজেবুর বলেন, উপজেলার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৪৪টি সরকারি কার্যালয়সহ বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সবুজ খানসামা গড়তে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি ফলদ, একটি করে ঔষধি, একটি করে সৌন্দর্যবর্ধন গাছসহ অন্তত ১০টি করে গাছ দেওয়া হয়েছে।