ধূমপানে অকালে মারা যাবে ১৪ থেকে ২১ শতাংশ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চার কোটি ১১ লাখ মানুষ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার করে। এভাবে চলতে থাকলে ধূমপানের কারণে সৃষ্ট রোগে ১৪ থেকে ২১ শতাংশ ধূমপায়ী অকালে মারা যেতে পারে। এ ছাড়া এদের গড় আয়ু ছয় থেকে ১০ বছর পর্যন্ত কমে যেতে পারে। গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ (আইটিসি) নীতিমালা মূল্যায়ন প্রকল্প’সংক্রান্ত গবেষণা উপস্থাপনা অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়। কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো যৌথভাবে গবেষণাটি পরিচালনা করে। ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। গবেষণায় দেখা গেছে, ২০০৪-০৫ সালে বাংলাদেশে ধূমপানসহ তামাকজাত দ্রব্য ব্যবহারের হার ছিল ৩৬ দশমিক ৮ শতাংশ; ২০০৯ সালে তা বেড়ে ৪৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। গত পাঁচ বছরে দেশে প্রায় ২৫ লাখ ধূমপায়ী বেড়েছে। ৪২ শতাংশ পুরুষ বর্তমানে ধূমপানে আসক্ত। ঢাকা ও এর আশপাশের ছয়টি বস্তি এলাকায় জরিপ করে দেখা গেছে, সেখানকার ৭৮ দশমিক ৮ শতাংশ পুরুষ ধূমপান করে। তা ছাড়া আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে তামাকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ধূমপানসহ তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সব ধরনের তামাকজাত দ্রব্যের ওপর কর বাড়ানো, সিগারেটের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী এবং ধূমপানমুক্ত আইনের কঠোর প্রয়োগের সুপারিশ করা হয় গবেষণায়। পরে ‘তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, তামাকজাত দ্রব্য এবং এর বিজ্ঞাপন প্রচার না করার কারণে গণমাধ্যমগুলো অনেক আয় থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এর মাধ্যমে উপকৃত হচ্ছে সমাজ। অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনে সব বিষয় উঠে আসেনি। অর্থনৈতিক গবেষণা ব্যুরোর পরিচালক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান গীতি আরা নাসরিন, অধ্যাপক অরূপ রতন চৌধুরী, অধ্যাপক নিগার নার্গিস প্রমুখ।