ধূমপানে বাধা দেওয়ায় খুন হয় ইয়াসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা রহমতপুর এলাকায় গত রোববার রাতে সন্ত্রাসীদের হাতে ইয়াসিন (১৪) নামের এক কিশোরকে খুনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক ও ঘটনার প্রত্যক্ষদর্শী ইয়াসিনের বন্ধু আল আমিন জানিয়েছে, পারভেজ ওরফে পর্বত নামের এক কিশোরকে ধূমপান করতে বাধা দেওয়ার জের ধরে ইয়াসিনকে হত্যা করা হয়েছে। আল আমিনকে রোববার রাতেই আটক করে পুলিশ।কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের জিজ্ঞাসাবাদে গতকাল সোমবার আল আমিন জানায়, ইয়াসিন ও সে ছোটবেলা থেকে একই সঙ্গে চলাফেরা করত। রোববার রাত আটটার দিকে তারা গোলজারবাগ কবরস্থানের সামনে আড্ডা দিচ্ছিল। তখন পারভেজ তার বন্ধু রিংকুসহ আরও দুই বন্ধুকে নিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে তাদের সামনে দিয়ে যাচ্ছিল। তখন পারভেজকে ডেকে চড় মেরে ধূমপান করতে বারণ করে ইয়াসিন। এ সময় তারা ইয়াসিনকে গালাগাল করে চলে যায়। আল আমিন জানায়, এতে ক্ষিপ্ত হয়ে পারভেজ, রিংকুসহ আরও কয়েকটি ছেলে রাত নয়টার দিকে ইয়াসিনকে তার বাসা থেকে ডেকে নিয়ে আসতে বলে। তাদের কথামতো আল আমিন রহমতপুর মাজার ঘাট এলাকার বাসা থেকে ইয়াসিনকে ডেকে নিয়ে রহমতপুর টাওয়া ঘাট সড়কের সামনে যায়। তখন রাত প্রায় ১০টা। তাদের পরিকল্পনা অনুযায়ী সেখানে গিয়ে পারভেজ, রিংকুসহ অজ্ঞাত আরও দুটি ছেলে ছুরি দিয়ে ইয়াসিনের বুকে কয়েকটি আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তারা পালিয়ে যায়। তাদের ছুরিকাঘাতে ইয়াসিন চিৎকার দেয়। তখন সে (আল আমিন) এলাকার লোকজনকে ডেকে নিয়ে ইয়াসিনকে গুরুতর আহত অবস্থায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সেখানে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।নিহত ইয়াসিনের বাবা পান্না মিয়া বলেন, ‘ধূমপানে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার ছেলের হত্যাকারী পর্বত, রিংকুসহ তাদের সহযোগীদের অতিসত্বর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান জানান, আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ড সম্বন্ধে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মূল হত্যাকারী পারভেজ ও রিংকুকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রাত পৌনে ১০টার দিকে ইয়াসিনের বাবা পান্না মিয়া পারভেজকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।