ধূমপানে বিরত থাকার অনুরোধ করায় কলেজছাত্রী লাঞ্ছিত
ইজিবাইকে ধূমপান না করার অনুরোধ জানানোয় কলেজছাত্রীকে লাঞ্ছিত করেছে এক বখাটে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।লাঞ্ছনার শিকার ওই ছাত্রী বরিশাল ব্রজমোহন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে পড়াশোনা করেন। তিনি প্রথম আলো বন্ধুসভা বরিশালের সদস্য।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) নগরের আমতলা থেকে ওই ছাত্রী সদর রোড এলাকায় যাচ্ছিলেন। পথে এক যুবক ইজিবাইকের ভেতরে সিগারেট ধরায়। ওই ছাত্রী তাকে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ জানান। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ওই ছাত্রীর গালে থাপড় মারে বখাটে। বিষয়টি পুলিশকে জানানোর কথা বলায়, ওই বখাটে বাংলাবাজার এলাকায় ইজিবাইক থামিয়ে ছাত্রীটিকে টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে কিল-ঘুষি মারে।নাম প্রকাশ না করার শর্তে, প্রত্যক্ষদর্শী বাংলাবাজার এলাকার এক যুবক প্রথম আলোকে বলেন, ওই বখাটের নাম মো. মাহবুব। তার বাসা বাংলাবাজার নূরিয়া স্কুলের পেছনে।ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আগের ঘটনা আমি জানি না। তবে বাংলাবাজার এলাকায় মেয়েটিকে ইজিবাইক থেকে নামিয়ে মাহবুব বেধড়ক মারধর করে।’বরিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু এর আগেই বখাটে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় ওই কলেজছাত্রী অভিযোগ না করলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।