স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানিয়েছেন, প্রতিবছর ধূমপানজনিত কারণে ৫৭ হাজার লোক মারা যায়। সরকার ধূমপান নিরুৎসাহিত করতে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণে আইন করেছে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। বিকেল সোয়া চারটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা শহরে ৬১০টি বেসরকারি ক্লিনিক ও এক হাজার ৩৩টি ডায়াগনস্টিক সেন্টার আছে। এগুলো স্থাপনে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসকদের উপস্থিতির জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা নিশ্চিত করতে মনিটরিং করা হচ্ছে। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে মোট শূন্য পদের সংখ্যা ছয় হাজার ৫৩৭টি।আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে কেবল ঢাকায় ১০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে কিডনি সংযোজন করা হয়। তাজুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা শহর থেকে ট্যানারি শিল্প অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে।