ধূমপানের পথ ধরে নেশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্ত ব্যক্তিদের অধিকাংশই ধূমপানের পথ ধরে নেশায় জড়ায়। একজন ধূমপায়ীর সাধারণত একাধিক ধূমপায়ী বন্ধু থাকে। তাদের মধ্যে দু-একজন মাদকাসক্ত থাকতে পারে। এই দু-একজনের প্রভাবে অন্য ধূমপায়ী বন্ধুরা মাদকাসক্ত হয়ে পড়ে। এভাবে ধূমপান থেকে নেশায় আসক্ত হওয়ার প্রবণতা দেখা যায়।
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন এই পরামর্শ সহায়তা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল শনিবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৫৬ অনুষ্ঠান।
প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক অভ্রদাশ ভৌমিক, ফারজানা রহমান, মেখলা সরকার, জিল্লুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোচিকিৎসক সিফাত-ই-সাঈদ ও বেসরকারি প্রতিষ্ঠান আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল।
আলোচকেরা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কখন ফিরছে, প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজ নিতে হবে। সন্তানেরা যাদের সঙ্গে মিশছে তাদের সম্পর্কেও খোঁজ নিতে হবে। সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে সন্তানেরা বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে। অভিভাবকদের কখনো নিরাশ না হওয়ার পরামর্শ দিয়ে তাঁরা কলেন, অনেক পরিবারে হয়তো মাদকের সমস্যা আছে। মাদকাশক্তদের সুস্থ হতে সময় লাগে। সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বিপণন প্রধান আজম খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ ।