সরকারি ও বেসরকারি পর্যায়ে ধূমপানবিরোধী নানা কার্যক্রম চললেও বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যা বেড়েই চলেছে। গত পাঁচ বছরে ধূমপায়ীর সংখ্যা বেড়েছে গড়ে ৭ দশমিক ৫ শতাংশ। বগুড়ায় তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লী উন্নয়ন প্রকল্প আয়োজিত বগুড়া ওয়াইএমসিএ মিলনায়তনে গত মঙ্গলবার এই কর্মশালায় সভাপতিত্ব করেন সাংবাদিক যাহেদুর রহমান। বক্তব্য দেন পল্লী উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক আবু হাসনাত। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক সমুদ্র হক। কর্মশালায় জানানো হয়, পুরুষ ধূমপায়ীদের কারণে অধূমপায়ী হয়েও বাংলাদেশে প্রতিবছর গড়ে এক কোটি নারী পরোক্ষভাবে ধূমপানজনিত ক্ষতির শিকার হচ্ছে। পুরুষদের ধূমপানের কারণে ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক নারী তাদের কর্মস্থলে এবং জনসমাগম হয় এমন স্থানে ২১ শতাংশ নারী ক্ষতির শিকার। এসব নারীও ধূমপায়ীদের মতো যক্ষ্মা, হূদরোগ, হাঁপানি ও ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হচ্ছে। তামাকজাতীয় দ্রব্যের ব্যবহার বৃদ্ধির কারণে বাংলাদেশে প্রতিবছর ১২ লাখ নারী-পুরুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। রোগাক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ছে। এ খাতে প্রতিবছর ১১ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।তামাকের ব্যবহার বৃদ্ধির কারণ হিসেবে সহজলভ্যতা ও নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ না থাকাকে কর্মশালায় দায়ী করা হয়। তামাকশিল্পের মালিকেরা বাজার সম্প্রসারণের জন্য নারী বিশেষত তরুণীদের টার্গেট করেছে। কর্মশালায় ধূমপান ও তামাকবিরোধী আইনের যথাযথ প্রয়োগ, বিড়ি-সিগারেটের ওপর উচ্চ করারোপ এবং তামাক চাষ নিষিদ্ধ করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।