ঢাকা শহরের ধূলিদূষণ বেশির ভাগ সময় বিপজ্জনক মাত্রার নিচে থাকে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।পরিবেশমন্ত্রী আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের বায়ুমান মনিটরিং স্টেশনের তথ্যমতে, শুধু শুষ্ক মৌসুমের ১০০ দিন বাতাসে ধূলিকণার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি থাকে। এ সময় ঢাকার বাতাসে ধূলিদূষণের গড় পরিমাণ ২০০ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। তবে বর্ষা মৌসুমে এর পরিমাণ থাকে ৬৫ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী ধূলিদূষণের গ্রহণযোগ্য মাত্রা ১৫০ মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। তিনি বলেন, মূলত বিভিন্ন ধরনের নির্মাণকাজ, উন্মুক্ত রাস্তা খোঁড়া, যানবাহন এবং ঢাকার আশপাশের ইটভাটা ধূলিদূষণের কারণ। ঢাকাসহ অন্যান্য শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় মন্ত্রণালয় ৪৮৬ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ‘ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ প্রকল্প নিয়েছে।জাহিদ মালেকের সম্পূরক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আগামী সেপ্টেম্বরের পর থেকে ইটভাটায় সবাইকে আধুনিক পদ্ধতির চিমনি ব্যবহার করতে হবে। বর্তমান পদ্ধতির ইটভাটা চালু রাখা যাবে না। মোল্যা জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুন্দরবন রক্ষার কাজ শুরু করেছে। সুন্দরবনের কাঠ চোরাচালান অতীতের তুলনায় ৭৬ শতাংশ কমেছে।বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, সরকার চলতি অর্থবছরে দেশের সাতটি বিভাগের আট হাজার ৭৫৭টি ভূমিহীন পরিবারের মধ্যে মোট পাঁচ হাজার ৩৩১ একর খাসজমি বিতরণ করেছে।এ বি এম আবুল কাশেমের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে সাংসদদের বিনা ভাড়ায় বা অর্ধেক ভাড়ায় বিমানের অভ্যন্তরীণ ভ্রমণসুবিধা দেওয়া কষ্টকর। তবে সংসদীয় কমিটির মাধ্যমে প্রস্তাব এলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।সাধনা হালদারের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, সরকার মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠর সমাধি সংরক্ষণে একটি প্রকল্প নিতে যাচ্ছে। মো. তাজুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় যুদ্ধে স্মৃতিবিজড়িত স্থানগুলোতে ১৩টি এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় ৩৫টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে। এ ছাড়া ২৬৫টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রক্রিয়াধীন।