ধূলিদূষণ রোধের দাবি
শুষ্ক মৌসুম আসতে না আসতেই ঢাকা শহরে ধূলিদূষণ ব্যাপকভাবে বেড়ে গেছে। এর ফলে বাড়ছে ধূলিজনিত রোগের প্রকোপ। ধূলির কারণে স্বাস্থ্যগত ক্ষতি ছাড়াও আর্থিক ও পরিবেশগত ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে ধূলিদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ‘ধুলা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ধূলিদূষণের ফলে তাঁরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধূলি থেকে মুক্ত থাকার জন্য আমাদের অতিরিক্ত পানি, ডিটারজেন্ট ও বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে। ঢাকা শহরে প্রতিটি মধ্যবিত্ত পরিবারকে ধূলিদূষণ থেকে রক্ষা পেতে মাসে ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। ফলে পরিবেশগত ক্ষতির সঙ্গে আর্থিক ক্ষতিও হচ্ছে। বক্তারা আরও বলেন, ধূলিদূষণ রোধে নিয়মিত রাস্তা পরিষ্কার করতে হবে। কোনো অবকাঠামো তৈরির সময় নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখা যাবে না। সিটি করপোরেশনকে আবর্জনা সংগ্রহের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।