
মারমাপাড়া থেকে যখন কাপ্তাই শহরের উদ্দেশে রওনা হলাম, তখন সূর্য অস্ত গেছে। কাপ্তাই জাতীয় উদ্যানের এই ব্যাঙছড়ি অংশের একপাশে সেগুনবাগান ও অন্য পাশে ঘন জঙ্গল। অনেকটা পথ পাড়ি দিয়ে যখন বড় রাস্তার কাছাকাছি চলে এসেছি, ঠিক তখনই বড় একটি পাখি ডান পাশের ঘন জঙ্গলের একটি গাছের ডালে এসে বসল। পাখিটিকে চিনতে অসুবিধা হলো। ক্যামেরায় আলো বাড়িয়ে একটা ক্লিক করলাম। কিন্তু ওর কালো ছায়া ছাড়া কিছুই ধরা পড়ল না। সঙ্গে সঙ্গেই পাখিটি উড়াল দিল।
পরদিন কাপ্তাই জাতীয় উদ্যানের পিকনিক স্পটের উল্টো পাশের বিজিবি ক্যাম্প থেকে ছড়ায় নামার আগ মুহূর্তে হঠাৎ একটা পুরোনো ডাক কানে এল। ঠিক সে রকম একটি পাখি। আমি বিজিবির টিলার ওপর, পাখিটি আমার সামনের উঁচু জায়গার একটি গাছের ডালে। দ্রুত টিলা থেকে নেমে সাবধানে সামনে এগিয়ে গেলাম। অতিকষ্টে বেশ কয়েকটি ছবি তুললাম। ঘটনাটি এ বছর এপ্রিল মাসের।
অতি বিরল ও সংকটাপন্ন আবাসিক এই পাখিটির নাম ধূসর কাঠঠোকরা বা বৃহৎ কাঠঠোকরা (Great Slaty Woodpecker or Assam Great Slaty-headed Woodpecker)। অনেকে কালি কাঠঠোকরা বলেও ডাকে। এ দেশের কাঠঠোকরাদের মধ্যে আকারে সবচেয়ে বড় এটি। আর বিশ্বে তৃতীয়, তবে বাকি দুটির অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত করে বলা যায় না। বাকি দুটি বিলুপ্ত হয়ে থাকলে এটিই বিশ্বের সবচেয়ে বড় কাঠঠোকরা। পিসিডি গোত্রের এই কাঠঠোকরার বৈজ্ঞানিক নাম Picus pulverulentus.
ধূসর কাঠঠোকরা লম্বায় ৪৮-৫৮ সেন্টিমিটার ও ওজনে ৩৬০-৫৬৩ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির মাথাসহ দেহের ওপরটা কালচে-ধূসর ও নিচটা হালকা ধূসর—তার ওপর ছোট ছোট সাদা ফোঁটা। থুতনি ও গলা হলুদাভ। কখনো কখনো মাথায় ছোট্ট একটি খোঁপা দেখা যায়। শক্তিশালী হলদে ঠোঁটের আগা বাটালির মতো ধারালো। পা কালচে এবং পা ও পায়ের পাতায় নীল বা সবুজ আভা দেখা যায়। স্ত্রী ও পুরুষের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। পুরুষের চোখ ও ঘাড়ের মাঝামাঝি লাল পট্টি রয়েছে। পুরুষের ঠোঁট বেশি লম্বা। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ হালকা ধূসর ও তাতে অসংখ্য ছিট থাকে।
এরা আধা উন্মুক্ত, আর্দ্র পাতাঝরা ও চওড়া পাতার চিরসবুজ বনের বাসিন্দা হলেও এ দেশে মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ ও পাহাড়ি বনে বাস করে। একাকী, জোড়ায় বা তিন-ছয়টির পারিবারিক দলে বিচরণ করতে দেখা যায়। নানা ধরনের কীটপতঙ্গ খায়। বারবার ডানা ঝাঁপটিয়ে সোজা পথে ওড়ে। এরা বেশ চড়া গলায় ‘উয়িকো-উয়িকো-উয়িকো-উয়িকো’ স্বরে ডাকে।
মার্চ-আগস্ট প্রজননকাল। এ সময় বড় কোনো গাছের কাণ্ডে গর্ত খুঁড়ে বাসা বানায়। স্ত্রী-পুরুষ দুজনে মিলে বাসা বানালেও পুরুষই বেশি সময় দেয়। দু-চারটি সাদা ডিম পাড়ে ও দুজনে মিলেমিশে তা দেয়। বাচ্চাদের লালনপালনও দুজনে মিলেই করে। পরের বছর ডিম পাড়ার আগ পর্যন্ত বাচ্চারা বাবা-মায়ের সঙ্গে থাকে। অতি বিরল ও সংকটাপন্ন বৃহৎ এই কাঠঠোকরাকে রক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।