‘কথা দিলাম—কৈশোর সুরক্ষায় হবো সচেতন’—স্লোগান নিয়ে কিশোর-কিশোরীদের জন্য এক ব্যতিক্রর্মী মেলা অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জে। গতকাল সোমবার কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ মাঠে এ মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।শহরে মাঠ নেই, কোলাহলমুক্ত স্থান নেই, নেই চিত্তবিনোদনের কোনো সুযোগ। ফলে কৈশোর জীবন সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। ধূসর এই জীবন থেকে মুক্তিপ্রত্যাশী কিশোর-কিশোরীরা এসেছিল গতকালের মেলায়। কিশোর-কিশোরীরা জানায়, মেলায় তারা যে আনন্দ করতে পেরেছে, তা অনেক দিন তাদের মনে থাকবে।দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন ও মাধ্যমিক শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, কিশোরীদের প্রীতি ক্রিকেট ম্যাচ, সচেতনতামূলক নাটক, গণস্বাক্ষর সংগ্রহ, নাচ-গান ইত্যাদি।মেলা উপলক্ষে জেলা প্রশাসক মো. শাহ কামাল, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকালে কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের কর্মকর্তা আইরিন পারভিন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক শাহ কামাল, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার প্রমুখ।মেলা উপলক্ষে বই-পিঠাসহ বিভিন্ন পণ্যের ১০টি স্টল সাজানো হয়। কলেজ মাঠে মধুপুর কিশোরী দল ও কিশোরগঞ্জ কিশোরী দলের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর ইন্টারঅ্যাকটিভ পপুলার থিয়েটারের পরিবেশনায় মঞ্চে অভিনীত হয় শিশু পাচার রোধে কিশোর-কিশোরীদের নিয়ে সচেতনতামূলক নাটক হারানো মানিক। বিকেলে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলা শেষ হয়।