ধূসর পুরান ঢাকায় শিল্পের ছটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার শ্রী​​শদাস লেনের বিউটি বোর্ডিংয়ের পাশের একটি পুরো​নো ভবনের দেয়ালে শিল্পী আরফান আহমেদের আলোকচিত্র ​নিয়ে স্থাপনা ‘অলিম্পিয়া বুরকা’।
পুরান ঢাকার শ্রী​​শদাস লেনের বিউটি বোর্ডিংয়ের পাশের একটি পুরো​নো ভবনের দেয়ালে শিল্পী আরফান আহমেদের আলোকচিত্র ​নিয়ে স্থাপনা ‘অলিম্পিয়া বুরকা’।

পুরান ঢাকার ফরাশগঞ্জের রূপলাল দাস লেনে ঢুকতেই শীতের ঠান্ডা বাতাসে ভেসে আসা শুকনো মরিচের ঝাঁজ ঝাপটা দিয়ে যায় নাকে। পথের দুই পাশে মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা প্রভৃতি মসলার আড়ত। এখানে ‘পাঁচবাড়ি’ নামের এক অতিপ্রাচীন বিখ্যাত বাড়ি আছে। ভেতরটা গোলকধাঁধার মতো। জরাজীর্ণ হলেও লোকবসতি আছে। বাড়ির সামনে ‘ঢাকা’ লেখা ইট দিয়ে ছোট্ট এক স্থাপনাকর্ম। তাকে ঘিরে ইট ভেঙে ইংরেজিতে লেখা ‘ওল্ড’। সব মিলে ‘ওল্ড ঢাকা’, মানে পুরান ঢাকা। উৎসাহী শিশু-কিশোরের কেউ কেউ মুখ বাড়িয়ে দিয়েছে অক্ষরগুলোর ফোকর গলিয়ে; ঠিক পুরান ঢাকার খোপ-খুপড়িতে মানুষ যেভাবে থাকে।

বিউটি বোর্ডিংয়ে ইমরান হোসেন পিপলু ও কবির আহমেদ মাসুম চিশতীর শিল্পকর্ম ‘টুইন্স ইন দি ওম্ব’।
বিউটি বোর্ডিংয়ে ইমরান হোসেন পিপলু ও কবির আহমেদ মাসুম চিশতীর শিল্পকর্ম ‘টুইন্স ইন দি ওম্ব’।


গতকাল শুক্রবার ছুটির দিনে পুরান ঢাকার ১৬টি স্থানে এমন কৌতূহলী দর্শকের সমাগম ঘটেছিল ব্যতিক্রমী শিল্পকর্ম দেখেতে। ‘ওয়ান মাইল স্কয়ার’ নামে দিনব্যাপী এই বিশেষ শিল্প আয়োজন করে শিল্পীদের সংগঠন বৃত্ত আর্ট ট্রাস্ট। পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ ও জনসাধারণের জীবনযাত্রা নিয়ে এক বর্গমাইল এলাকায় বিভিন্ন মাধ্যমে শিল্পকর্ম করেন ৪০ জন শিল্পী। সেখানেই ছিল ইট দিয়ে ওল্ড লেখা ‘সহবাস-১’ নামে তরুণ শিল্পী ইমরান সোহেলের এই স্থাপনাকর্মটি।
শিল্পকলার সঙ্গে এলাকাবাসী তথা সাধারণ মানুষের সরাসরি নিবিড় সংযোগ সৃষ্টি এবং ঐতিহ্য ও পরিবেশ সম্পর্কে তাদের সচেতন করার লক্ষ্যে শিল্পায়োজনটি করা হয়েছে বলে জানান শির্ল্পনির্দেশক মাহবুবুর রহমান। সহায়তা দিয়েছে নেদারল্যান্ডসের সংস্থা আর্টস কোলাবরেটরি। সকাল ১০টায় শিল্পীরা তাঁদের নির্ধারিত স্থানে শিল্পরচনা শুরু করেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শকদের জন্য শিল্পকর্মগুলো উন্মুক্ত ছিল।

বাফায় শিল্পী মোহাম্মদ আনিসুল হকের ‘লাস্ট ট্রি অব ডাউনটাউন’।
বাফায় শিল্পী মোহাম্মদ আনিসুল হকের ‘লাস্ট ট্রি অব ডাউনটাউন’।

যেসব স্থানে শিল্পকর্মগুলো করা হয়েছে সেই জায়গার পরিবেশ, স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য গুরুত্ব পেয়েছে ওই শিল্পকর্মে। বেশির ভাগই ছিল স্থাপনা। ভিডিও এবং আলোকচিত্রের ব্যবহার ছিল বেশি। অনেকে ব্যবহার করেছেন স্থানীয় উপকরণ। যেমন বাহাদুর শাহ পার্কের ভেতর যে কাজটি করেছেন খন্দকার নাছির আহম্মেদ, তার নাম ‘বাহাদুর শাহ পার্ক! ভিক্টোরিয়া পার্ক! কিংবা ঢাকার আন্ডা ঘরে আমাগো বাল্যশিক্ষা’। এই কাজটিতে তিনি ব্যবহার করেছেন বাংলাবাজারের নোট বইয়ের ব্যবসা, ঐতিহাসিক পার্কটির দফায় দফায় নাম পরিবর্তন এবং স্থানীয় ভাষা ও শিক্ষার বিষয়। বিউটি বোর্ডিংয়ে ছিল বেশ কয়েকজনের কাজ। আয়না ও কাগজের পাখি দিয়ে সুলেখা চৌধুরী করেছেন ‘জ্যোৎস্নায় অমাবস্যা’ নামের একটি স্থাপনা। একালের খ্যাতিমান আড্ডাবাজদের স্মরণে একটি স্থাপনা করেছেন ইমরান হোসেন ও কবির আহমেদ মাসুম চিশতি। আছে প্রমথেশ দাসের একটি স্থাপনা।
বিউটি বোর্ডিংয়ে শিল্পকর্ম দেখতে এসে কামাল কবির বলেন, এই আয়োজনটি পুরান ঢাকার সংস্কৃতির সঙ্গে পরিচিত করার একটি সুযোগ সৃষ্টি করেছে। রূপলাল হাউসের ভেতরে চার দিকে ঘর। মাখখানের উঠোনে জমে আছে পচা পানি। সেখানে ‘ইটের ওপর ইট’ নামের স্থাপনা করেছেন শুভ সাহা।

শ্যামবাজারের বন্ধ হওয়া পুথিঘর লিমিটেডের ভবনে উন্মোচিত জানালা নিয়ে  শিল্পী শিমুল সাহার শিল্পকর্ম।
শ্যামবাজারের বন্ধ হওয়া পুথিঘর লিমিটেডের ভবনে উন্মোচিত জানালা নিয়ে শিল্পী শিমুল সাহার শিল্পকর্ম।

বুলবুল ললিতকলা একাডেমিতে ছিল বেশ কয়েকজনের কাজ। চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের বাড়ি অনুসন্ধান নিয়ে একটি ভিডিওচিত্র করেছেন মোল্লা সাগর। একাডেমির মাঠে শিমুল দত্ত টুকরো টুকরো রঙিন প্লাস্টিক দিয়ে তৈরি করেছেন একটি মানব আকৃতি। সেটি রাখা হয়েছে বাঁশ-কাঠের টুকরো আর সিমেন্টের বস্তার স্তূপের ওপর। মূল ভাবনাটি হলো, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন করে হরেক রকমের সামগ্রী নির্মাণ। ওপরে আছে সুন্দরবনে তেল ট্যাংকারডুবির প্রতিক্রিয়া নিয়ে মাহাবুবুর রহমানে ভিডিও স্থাপনা ‘শাওয়ার উইথ ওয়েল’। পানি নিয়ে তাইয়েবা বেগমের স্থাপনা ‘ওহ ওয়াটার’। বাহাদুর শাহ পার্ক, পোগজ স্কুল, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), বিউটি বোর্ডিং, ঈশ্বর দাস লেন, জুবিলী স্কুল মার্কেট, লালকুঠি, ফরাশগঞ্জ অরফানেজ, রূপলাল হাউস, শ্যামবাজার, রূপলাল দাস লেন, পাঁচবাড়ি, ঢাকা কেন্দ্র, মালাকারটোলা ও লালকুঠি ঘাটে এই শিল্পকর্মগুলো করা হয়। দর্শকও ছিল যথেষ্ট।

বিউটি বোর্ডিংয়ের ভে​তরে আয়না ও প্লাস্টিকের তৈরি পাখি নিয়ে শিল্পী সুলেখা চৌধুরীর শিল্পকর্ম ‘জ্যোৎস্নায় অমাবস্যা’। আয়নায় প্রতিফলিত হয় গাছপালার প্রতিবিম্ব।
বিউটি বোর্ডিংয়ের ভে​তরে আয়না ও প্লাস্টিকের তৈরি পাখি নিয়ে শিল্পী সুলেখা চৌধুরীর শিল্পকর্ম ‘জ্যোৎস্নায় অমাবস্যা’। আয়নায় প্রতিফলিত হয় গাছপালার প্রতিবিম্ব।