ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর পাকিস্তান সংসদে নিন্দা প্রস্তাবের ঘটনায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
সাবেক জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পাকিস্তানকে এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য
প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আর এ নিন্দা প্রস্তাব প্রত্যাহার না করলে তাদের পণ্য বর্জন করা হবে।
বাংলাদেশে পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়ারও দাবি জানান বক্তারা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত তাণ্ডবের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন আলোচকেরা।
সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড শাহ আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, বদিউল আলম চৌধুরী, ফায়েম উদ্দিন আহমেদ, মাহবুবুল আলম চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি, শিক্ষকনেতা অঞ্জন চৌধুরী, সাংস্কৃতিক কর্মী মিলি চৌধুরী, পটিয়া ইউনিটের সাবেক কমান্ডার হীরণ, উদয়ন নাগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত প্রমুখ।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।