ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের আগে খালেদার পদত্যাগ করা উচিত ছিল: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের আগে বিরোধীদলীয় নেতার পদ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পদত্যাগ করা উচিত ছিল। প্রধানমন্ত্রী গতকাল সোমবার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আঙিনায় ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, কেবিনেট মন্ত্রীর পদে অবস্থান করে কী করে একজন ব্যক্তি সংবিধান ছুড়ে ফেলার মতো মন্তব্য করতে পারেন, যে সংবিধান দেশের ৩০ লাখ লোকের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।কৃষক লীগের সভাপতি মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট রহমতউল্লাহ এমপি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষক লীগের সম্পাদক মোতাহার হোসেন মোল্লা প্রমুখ।শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার মতো ব্যক্তির পক্ষেই এ ধরনের মন্তব্য করা সম্ভব। কারণ, তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না। তিনি খালেদা জিয়ার এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া এ ধরনের মন্তব্য করতে পারেন। কারণ, দেশের প্রতি তাঁর কোনো ভালোবাসা কিংবা মমতা নেই। তিনি এ দেশের মাটিতেও জন্মাননি।শেখ হাসিনা বলেন, সরকার সুপ্রিম কোর্টের রায় অনুসারে সংবিধান থেকে সব ‘অবৈধ’ সংশোধনী ছেঁটে ফেলে একে অভিশাপমুক্ত করার সুযোগ পেয়েছে।বিএনপির সরকারবিরোধী নানা কর্মসূচির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশের মহান মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া বানচাল করার ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি।শেখ হাসিনা বলেন, ‘আপনারা যা-ই করুন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না।’ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চলমান বিচারের প্রক্রিয়া কেউ যাতে বানচাল করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।সরকারের বিরুদ্ধে চালানো বিএনপির মিথ্যা প্রচারণা প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার প্রতি জনগণকে বিভ্রান্ত না করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রপন্থী এই সরকার ভোট ও জনগণের অন্যান্য সাংবিধানিক অধিকারে বিশ্বাস করে। কারণ, জনগণের মধ্য থেকে আওয়ামী লীগের জন্ম।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভবিষ্যতে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আরও শক্তিশালী করায় তাঁর সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় সরকারসহ সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। সবার কাছে এ নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। কারণ, সরকার কোনোভাবেই নির্বাচন অনুষ্ঠানে হস্তক্ষেপ করেনি। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কোনো নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়নি।শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর খুনিদের শুধু রক্ষাই করেননি, বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃতও করেন। তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া এই খুনিদের রাজনীতিতে পুনর্বাসিত করেন।দিনের কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।