চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আবু তাহের (৭৮) নামের ওই বৃদ্ধ গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ প্রথম আলোকে বলেন, আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান। ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
গত সোমবার রাতে নগরের সুগন্ধা আবাসিক এলাকায় সাততলা ভবনের দোতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই ফ্ল্যাটে কেউ ছিলেন না। তবে আগুনের ধোঁয়ায় পাঁচতলার একটি ফ্ল্যাটে থাকা আবু তাহের, তাঁর মেয়ে জাহানারা নাজনীন, নাতি মহিউদ্দিন এবং একই তলার আরেক ফ্ল্যাটের বাসিন্দা মোহাম্মদ ফারুক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবু তাহের সোমবার মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।