ধোবাউড়ায় অধ্যক্ষকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল তালুকদারকে (৪৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় উপজেলার মেকিয়ারকান্দা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল তালুকদারের চাচাতো ভাই সাইদুলের সঙ্গে কয়েকজন প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জালাল তালুকদার বিষয়টি মীমাংসা করার জন্য শনিবার বিকেলে মেকিয়ারকান্দা বাজারে যান। কিছুক্ষণ পর কয়েকজন দুর্বৃত্ত এসে অতর্কিতভাবে জালাল তালুকদারকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় একজন জালাল তালুকদারের হাতে দা দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে কলসিন্দুর কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, ‘ঘটনা আমরা জেনেছি। তবে এখনো মামলা হয়নি। মামলা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’