ধোলাইখালে সড়কের মুখে এসটিএস
ধোলাইখাল নতুন রাস্তার মুখে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) তৈরি করা হচ্ছে। সড়কের মুখে হওয়ায় জায়গাটি সরু হওয়াসহ বিভিন্ন সমস্যার কথা বলছেন এলাকাবাসী।
সাদেক হোসেন খোকা মাঠে ঢোকার আগে সড়কের মুখে একটি গণশৌচাগার। ঠিক তার সামনের জায়গাটিতে তৈরি হচ্ছে এসটিএস। গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, রড, সিমেন্ট, ইট, বালু দিয়ে কর্মযজ্ঞ চলছে। এটি নির্মিত হচ্ছে মূল সড়ক ঘেঁষেই। জায়গাটি ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের পাশে।
স্থানীয় বাসিন্দা মো. হেমায়েত বলেন, ‘সমস্যা এখন তেমন বোঝা না গেলেও পড়ে ঝামেলা হবে। ময়লার গাড়িগুলো যখন এখানে আসা শুরু করবে, তখন যা-তা অবস্থা হবে। এমনিতেই তো রাস্তাটা চিপা হয়ে গেছে।’
এই সড়কের পাশেই বেশ কিছু আবাসিক ভবন। যন্ত্রাংশের কিছু দোকানও রয়েছে। সড়কটিও খুব বেশি চওড়া নয়। স্থানীয় লোকজন জানান, কোরবানির পশুর হাটের সময় এখানে ইজারাসহ বিভিন্ন তথ্যের কেন্দ্র বসত। আগামী কোরবানির ঈদে যখন হাট বসবে, তখন অনেক ঝামেলা হবে। কাজ শুরুর আগে এটার ব্যাপারে কথা হয়েছিল কি না—জানতে চাইলে তাঁরা বলেন, সবটাই সরকারি জায়গা। তাই কেউ কিছু বলতে যাননি।
ধোলাইখালেরই এক বাসিন্দা বলেন, ‘বঙ্গভবনের সামনের রাস্তায় কি এগুলো বানাবে? সরিয়ে অন্য জায়গায় করতে পারত।’ সিটি করপোরেশনকে বলার ব্যাপারে তিনি বলেন, বলার জন্য কেউ সাহস পাননি। তাই কেউ অভিযোগও করেননি।
ধোলাইখাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪০ নম্বর ওয়ার্ডের অধীন। এখানে এসটিএস নির্মাণের ব্যাপারে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম বলেন, ‘সমস্যা হবে না। আর ভালো কিছু করতে হলে তো স্যাক্রিফাইস করতেই হবে।’ তিনি আরও বলেন, ময়লার কনটেইনারগুলো রাস্তার মুখে থাকবে না। সরাসরি এসটিএসের ভেতরে চলে যাবে।
রাজধানীতে প্রতিদিন গড়ে ছয় হাজার টনের বেশি বর্জ্য উৎপন্ন হয়। এসব ময়লা-আবর্জনা একত্র করে রাস্তার ওপরে থাকা কনটেইনারে জমা হয়। জনদুর্ভোগ সৃষ্টিকারী এই ময়লার কনটেইনারগুলো সরানোর লক্ষ্যে ২০১২ সালে এসটিএস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বাসাবাড়ির বর্জ্য এসটিএস থেকে রাতের বেলায় করপোরেশনের গাড়ি আমিনবাজার বা মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে ফেলবে।
চার বছর আগে নেওয়া প্রকল্পের আওতায় একই সময় কাজ শুরু করে ডিএনসিসি। ইতিমধ্যে বেশির ভাগ এসটিএস নির্মাণের কাজ প্রায় শেষ করেছে, কিন্তু জমির অভাবে দক্ষিণ সিটি করপোরেশন সেভাবে এগোতে পারছে না।