ধোলাইখাল-ইংলিশ রোডে আবার ট্রাক-পিকআপ স্ট্যান্ড
পুরান ঢাকার ধোলাইখাল ও ইংলিশ রোড দখল করে আবার অবৈধভাবে রাখা হচ্ছে ট্রাক ও পিকআপ৷ এতে এ দুটি সড়কে আগের মতোই সারা দিন থাকে তীব্র যানজট। ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পথচারীরা।
গত ১০ নভেম্বর ‘ধোলাইখাল ও ইংলিশ রোডে অবৈধ ট্রাকস্ট্যান্ড, যানজট’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। পরে গত ২২ ডিসেম্বর এই দুটি সড়ক ও ফুটপাত থেকে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু ডিএসসিসির মালিকানাধীন জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ধোলাইখালের মূল ট্রাক ও পিকআপস্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়নি। এলাকাটি ডিএসসিসির ৪২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
পথচারী ও যাত্রীদের অভিযোগ, সড়কে ট্রাক ও পিকআপ রাখায় সকাল থেকে রাত পর্যন্ত ধোলাইখাল ও ইংলিশ রোডে লেগে থাকে যানজট। এতে বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে যাত্রাবাড়ী ও গুলিস্তানে যাতায়াতে যাত্রীদের চার থেকে পাঁচ গুণ বেশি সময় ব্যয় হয়।
গতকাল শনিবার দুপুরে দেখা যায়, তাঁতীবাজার মোড় থেকে রায়সাহেব বাজার পর্যন্ত ইংলিশ রোডের দক্ষিণ পাশে সড়ক ও ফুটপাত দখল করে রাখা আছে ৩০ থেকে ৩৫টি পিকআপ। এসব মালবাহী যান কিছুক্ষণ পরপরই স্ট্যান্ড থেকে সড়কে বের হচ্ছে এবং স্ট্যান্ডে ঢুকছে। এতে বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে তাঁতীবাজার পর্যন্ত সড়কে লেগে আছে তীব্র যানজট। ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছে পথচারীরা। এ ছাড়া বানিয়ানগর পঞ্চায়েত কমিটি ফটক এলাকা থেকে ধোলাইখালের টং মার্কেট পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে রাখা আছে আরও ১৫ থেকে ২০টি ট্রাক ও পিকআপ। ধোলাইখাল মূল ট্রাকস্ট্যান্ডের ভেতর আছে প্রায় ২০০ ট্রাক ও পিকআপ। ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে রয়েছে ঢাকা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, ঢাকা জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়। কিন্তু কার্যালয়গুলোতে কাউকে দেখা যায়নি।
সদরঘাট থেকে বিহঙ্গ বাসে করে গুলিস্তানে যাচ্ছিলেন শ্যামবাজারের ব্যবসায়ী মহিউদ্দিন। তিনি বলেন, ইংলিশ রোডে ট্রাক ও পিকআপ রাখায় সারা দিনই এই সড়কে যানজট লেগে থাকে। অনেক সময় গাড়ির চেয়ে হেঁটে আগে গুলিস্তানে যাওয়া যায়। অবিলম্বে জনগণের যাতায়াতের সুবিধার্থে সড়ক থেকে এসব যান সরানো দরকার।
ডিএসসিসির সূত্র জানায়, দেশ স্বাধীনের পর থেকে ধোলাইখালে সিটি করপোরেশনের ওই জমিতে ট্রাক ও পিকআপ রাখা শুরু হয়। পর্যায়ক্রমে ট্রাক ও পিকআপের সংখ্যা বাড়তে থাকে। পরে ১৯৯৮ সালের দিকে এই স্ট্যান্ড উচ্ছেদ করে একটি পাঁচতলার শরীরচর্চাকেন্দ্র ও গ্রন্থাগার নির্মাণের দরপত্র চূড়ান্ত করে ডিএসসিসি। কিন্তু পরিবহনমালিক ও শ্রমিকদের বাধার কারণে তা করা সম্ভব হয়নি। এরপর থেকে এখানেই গড়ে উঠেছে এই স্ট্যান্ড।
জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, অভিযান পরিচালনায় নিয়মিত পুলিশ পাওয়া যায় না। ফলে উচ্ছেদ অভিযান ব্যাহত হচ্ছে। এ ছাড়া অভিযানে পুলিশ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।