ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন ৩ নম্বর সতর্কতা সংকেত
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে গতকাল শনিবার ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এ পরিণত হয়েছে। এটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। খবর বাসস ও ইউএনবির।আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি গতকাল সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৭০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৭০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে এক হাজার ৬১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।চট্টগ্রাম, কক্সাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গভীর সাগরে জেলার মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, চার হাজারের মতো ট্রলার গভীর সাগরে রয়েছে। মুঠোফোনে ট্রলারের জেলেদের কাছে ঘূর্ণিঝড়ের খবর জানানো হয়েছে।সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন গতকাল সন্ধ্যায় বলেন, সাগর উত্তাল হওয়ায় দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের খবর পেয়ে শতাধিক ট্রলার সেন্ট মার্টিনের ঘাটে পৌঁছেছে। আরও কয়েক শ ট্রলার ফেরার পথে রয়েছে।