ধোঁয়া, ধুলা ও শব্দে দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুরে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারের পাশে গড়ে উঠেছে চারটি ইটভাটা। ইট পোড়ানো আইন লঙ্ঘন করে এসব ভাটা স্থাপন করা হয়েছে। এলাকাবাসী আন্দোলন করার পরও নতুন নতুন ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এতে ইটভাটার চিমনি থেকে বের হওয়া কালো ধোঁয়া ও ইট পরিবহনের জন্য ট্রাক চলাচলের সময় ধুলা ও বালু উড়ে আসায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এই ভাটাগুলো বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি, জোকা, দুরুলিয়া ও শাহনগর গ্রামে। ভাটার কারণে এই চার গ্রামসহ আশপাশের ২০-২৫টি গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। পাঁচ বছর আগে শাজাহানপুর উপজেলা পরিষদ থেকে এসব ভাটার লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু ওই সিদ্ধান্ত অনুযায়ী কোনো কাজ হয়নি। উপরন্তু পরিবেশের ছাড়পত্র ছাড়াই বেতগাড়ি গ্রামে নতুন একটি ইটভাটা নির্মাণ করা হচ্ছে। উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নে এলজিবি-১, এসএসবি ও এসবিএফ ব্রিকসসহ চারটি ভাটা আছে। এই চারটি ইটভাটার কারণে এলাকায় সারা দিন শতাধিক ট্রাক চলাচল করে। এতে ধুলা ও বালু ওড়ায় পরিবেশ দূষিত হচ্ছে। এসব ভাটার ১০০ থেকে ৫০০ গজের মধ্যে দুবলাগাড়ি ডিগ্রি কলেজ, শাজাহানপুর মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, দুরুলিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুরুলিয়া দাখিল মাদ্রাসা, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দুবলাগাড়ি হাট অবস্থিত। এসব ভাটার ইট পরিবহনের জন্য ট্রাক চলাচল করায় শিক্ষার্থীদের সড়ক দিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। একই সঙ্গে তাঁদের পাঠদানও হচ্ছে ব্যাহত। এলাকাবাসী এসব ভাটা সরানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু কোনো কাজ হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে উপজেলা সদর থেকে সামান্য দূরে দুরুলিয়া গ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এনএমবি ব্রিকস নামে একটি ইটভাটা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এ বিষয়ে ৩ মার্চ প্রথম আলোতে ‘পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর ইটভাটার কাজ বন্ধ হয়ে গেছে। পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র বাতিল করেছে। সরেজমিনে খলিশাকান্দি গ্রামে গিয়ে দেখা গেছে, ধুলা পড়ে ভাটাগুলোর পাশের জমির ফসল, বাঁশঝাড়, গাছপালায় মলিন চেহারা হয়েছে। দুবলাগাড়ি ডিগ্রি কলেজের ছাত্র সাইকুল ইসলাম বলেন, ভাটার কারণে সারা দিন যে হারে ট্রাক চলাচল করে সড়ক দিয়ে চলাচল করা যায় না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে এলাকায় আগে স্থাপন করা চারটি ইটভাটার লাইসেন্স নবায়ন করার বিষয়ে ২০০৭ সালের ১৯ মার্চ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়। সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে এসব ইটভাটার লাইসেন্স নবায়ন না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তাব করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এ চারটি ইটভাটা গড়ে উঠেছে। ওই আইনে উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশন, আবাসিক এলাকা ও ফলের বাগান থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করার লাইসেন্স দেওয়াযাবে না।সভার সিদ্ধান্ত অনুযায়ী তৎকালীন ইউএনও ইটভাটাগুলোর লাইসেন্স নবায়ন না করার জন্য বগুড়া জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০০৭ সালের ২০ আগস্ট চিঠি পাঠান। কিন্তু আজ পর্যন্ত ওই সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে এ এলাকায় নতুন নতুন ইটভাটা গড়ে উঠছে। এলজিবি ব্রিকসের ব্যবস্থাপক মনোয়ার হোসেন জানান, তাঁরা ১২০ ফুট চিমনি দিয়েছেন। ধোঁয়া থাকার কথা নয়। ভাটায় ইট ও বালু আনা-নেওয়ার জন্য সড়ক দিয়ে অতিরিক্ত ট্রাক চলে। এতে ধূলা ও বালু ওড়ে। এসএসবি ব্রিকসের মালিক তোফাজ্জল হোসেনের মুঠো ফোনে কয়েকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সমপ্রতি উপজেলার বেতগাড়ি এলাকায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই ‘বড় বাড়ি ব্রিকস’ নামের একটি ইটভাটার নির্মাণকাজ শুরু হয়েছে। নির্মাণাধীন এই ভাটার ৫০ গজের মধ্যে ঘরবাড়ি এবং ৫০০ গজের মধ্যে একটি মাদ্রাসা ও তেলের পাম্প রয়েছে। খোট্টাপাড়া ইউপির চেয়ারম্যান ইউনুছ আলী খন্দকার বলেন, এসব ভাটা এলাকা শেষ করে ফেলছে। ভাটা বন্ধের জন্য জনগণের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের কাছে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। বেতগাড়ির বড়বাড়ি ব্রিকসের মালিক আবদুস ছাত্তার প্রামাণিককে ফোন করেও পাওয়া যায় নি। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌস আলম বলেন, শাজাহানপুরে চারটি ভাটার লাইসেন্স বন্ধ রাখার বিষয়ে কোনো কাগজ তিনি পাননি। আর যে সময় ঘটনা তখন তিনি ছিলেন না। বগুড়ায় অবস্থিত পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ছায়েফুল্লাহ তালুকদার বলেন, পরিবেশের ছাড়পত্র না দেওয়ার পরও জেলা প্রশাসন থেকে নিবন্ধন করার সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণে নতুন ইটভাটা গড়ে উঠছে। একই এলাকায় চারটি ইটভাটার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।