ধোঁয়াহীন ইট তৈরির সবুজ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ ইটভাটার মতো বড় চিমনি নেই। কারখানাটির মাথায় দুটি ছোট নল রাখা হয়েছে উত্তাপ বের করার জন্য। সাধারণ ইটভাটার তুলনায় দূষণের পরিমাণও ৬০ থেকে ৭০ শতাংশ কম। বর্ষাসহ সব ঋতুতেই উৎপাদন সম্ভব। ‘ভার্টিক্যাল শাফট ব্রিক ক্লিন’ (ভিএসবি) প্রযুক্তিতে ইট তৈরি করলে এই সুবিধাগুলো পাওয়া যাবে। গতকাল সোমবার সাভারের নয়ারহাটে নতুন এই প্রযুক্তিতে ইট তৈরির প্রথম কারখানার উদ্বোধন হয়ে গেল। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরীক্ষামূলকভাবে পরিবেশবান্ধব ভিএসবি প্রযুক্তিতে এই কারখানাটি স্থাপন করা হয়েছে। প্রতিটি কারখানা স্থাপনে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হবে। কারখানাটির উদ্যোক্তারা জানান, সাধারণ প্রযুক্তিতে একটি ইট তৈরিতে খরচ হয় চার টাকা। ভিএসবি প্রযুক্তিতে সাড়ে তিন থেকে চার টাকা খরচ হবে। মানও অন্যান্য ইটের মতোই। বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান কনফোর্স এই প্রযুক্তিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিকেল অ্যাকশন ও ভারতীয় সংস্থা ডেভেলপমেন্ট অলটারনেটিভ কারখানাটি স্থাপনে কারিগরি সহায়তা দিয়েছে। নতুন এই প্রযুক্তিতে কাঁচা ইট তৈরির সময় কয়লা মিশিয়ে দেওয়া হয়। কারখানার ভেতরে ইট পোড়ানোর জন্য তৈরি বিশেষ ঘরে কাঁচা ইট দেওয়ার পর প্রতি ঘণ্টায় ৫০০টি ইট বের হয়। চিমনি ছাড়া এই ইট কারখানাকে ‘সবুজ প্রযুক্তি’ হিসেবে উল্লেখ করে উদ্যোক্তা প্রতিষ্ঠান কনফোর্সের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেইন বলেন, সাধারণ ইটভাটায় এক লাখ ইট তৈরি করতে ১৮ থেকে ২০ লাখ টন কয়লার প্রয়োজন হয়। সেখানে ভিএসবি প্রযুক্তিতে লাগে ১০ থেকে ১২ লাখ টন কয়লা। এতে কাঠের ব্যবহার হয় না, ফলে তা স্বয়ংক্রিয়ভাবেই বন ধ্বংস বন্ধ করে। সারা দেশের ৪০০০টি ইট তৈরির কারখানায় ভিএসবি প্রযুক্তি ব্যবহার করা গেলে বছরে চার লাখ ৮০ হাজার টন কয়লার সাশ্রয় হবে। কার্বন ডাই-অক্সাইড নির্গমন রোধ হবে। ফলে বছরে প্রায় চার কোটি ৮০ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। চার লাখ গাছের জীবন বাঁচবে। কারখানাটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পরিবেশ অর্থনীতিবিদ মারিয়া সারাফ জানান, ঢাকা শহরের বায়ুদূষণ কমাতে এ ধরনের ধোঁয়াবিহীন প্রযুক্তি জনপ্রিয় করার অংশ হিসেবে বিশ্বব্যাংক এতে আর্থিক সহায়তা দিয়েছে। ভবিষ্যতে অন্য কোনো প্রতিষ্ঠান এ ধরনের প্রযুক্তি নিয়ে এলে তাদেরও সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সৌমেন মাতৈ বলেন, চীনে এই প্রযুক্তি উদ্ভাবনের ২০ বছরের মধ্যে ৫০ হাজার কারখানা স্থাপিত হয়। ভারতে ১৫০টি, ভিয়েতনামে ৪৫০টি ও নেপালে ৩০টি ভিএসবি প্রযুক্তির ইট কারখানা স্থাপন করা হয়েছে।