ধোঁয়ায় ধুনটের গ্রামের মানুষের নাভিশ্বাস
পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমতি না নিয়েই বগুড়ার ধুনট উপজেলায় একটি গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে এখানে কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষিত হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ধুনটে বিভিন্ন স্থানে মোট পাঁচটি ইটভাটায় সরকারি অনুমতি নিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ পাঁচটি ইটভাটা থেকে সরকার প্রতিবছর কয়েক লাখ টাকার রাজস্ব আয় করছে। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, আবাসিক এলাকা (যেখানে আনুমানিক ৫০টি পরিবার বসবাস করে) থেকে তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটের ভাটা স্থাপন করা যাবে না। কিন্তু নিমগাছি ইউনিয়নে ধামাচামা গ্রামে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়েই আজিজুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি একটি ঘনবসতিপূর্ণ এলাকার পাশেই ইটভাটা স্থাপন করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এখানে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসেননি। সরকারি নিয়মানুযায়ী ধোঁয়া বের করার জন্য ইটভাটায় ৪০ ফুট কিংবা তার চেয়ে উঁচু চিমনি থাকতে হবে। কিন্তু আজিজুর রহমান তাঁর ইটভাটায় যে চিমনি বসিয়েছেন, সেটির উচ্চতা মাত্র ১৫ ফুট। এতে কালো ধোঁয়ায় এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে।ইটভাটার মালিক আজিজুর রহমান বলেন, পাথর কয়লা কিনতে বেশি টাকা লাগে। তাই কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। এ বছর অনুমতি না পেলেও পরের বছর অনুমতি নেওয়া হবে। তিনি অনুমোদনের জন্য বিএসটিআইয়ের বগুড়া কার্যালয়ে আবেদন করেছেন।বগুড়ার বিএসটিআইয়ের পরিদর্শক আবদুল আওয়াল জানান, ইটভাটার জন্য তাঁদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। খোঁজ নিয়ে আজিজুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ইউএনও আবদুল্লা হারুন জানান, নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামে ইটভাটা স্থাপন করার বিষয়টি তিনি জানেন না।পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পরিচালক নাজমুল হক জানান, ওই ইটভাটার বিষয়ে তিনি কিছু জানেন না।