ধোঁয়ায় মানুষের হাঁসফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমতি না নিয়েই কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের জনবসতিপূর্ণ এলাকা ও সংরক্ষিত বনাঞ্চলে ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামে সাতটি অননুমোদিত ইটভাটা চলছে। ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০০১) অনুযায়ী আবাসিক এলাকা ও সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু উপজেলার হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নে দৈর্ঘ্যাকাটা, লম্বাঘোনা, মোছনী, নয়াপাড়া ও লেদা গ্রামে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘনবসতিপূর্ণ ও সংরক্ষিত বনাঞ্চলের আশপাশেই ইটভাটা স্থাপন করেছেন। নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, এ শিবিরসহ আশপাশের এলাকায় প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। ইটভাটার কালো ধোঁয়ায় শিবিরে বসবাসরত লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে।