ধোবাউড়ায় ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আঠাম গ্রামে হারিয়াডুবি খালের ওপর সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করছে আটটি গ্রামের মানুষ।
সম্প্রতি সাঁকোটিও নড়বড়ে হয়ে যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসী।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের আঠাম গ্রামের কংস নদের মুখে হারিয়াডুবি খালের ওপর নির্মিত সাঁকো দিয়ে চলাচল করে পোড়াকান্দুলিয়া ইউনিয়েনের আঠাম, ঘুঙ্গিয়াজুড়ি, জিরাখালি, মদনপুরসহ আটটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। সাঁকো পার হয়ে প্রতিদিন সাধারণ মানুষ ধোবাউড়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে।
আঠাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুঙ্গিয়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোড়াকান্দুলিয়া স্কুল ও কলেজের অসংখ্য শিক্ষার্থীকে প্রতিদিন এই সাঁকো পার হতে হয়।
গ্রামবাসী জানান, নিজেদের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোটি বহু বছর আগে নির্মাণ করা হয়। আবার প্রতিবছর নতুন বাঁশ লাগিয়ে সাঁকোটির সংস্কার করা হলেও মানুষের চাপে তা এক বছরের বেশি টেকে না। সম্প্রতি সাঁকোটি আবারও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
আবদুস ছালাম নামের এক ব্যক্তি বলেন, ‘আমাদের গ্রামের এখানে ব্রিজ নির্মাণ করা হলে ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে সুবিধা হতো।’
পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল হক বলেন, ‘হারিয়াডুবি খালের ওপর সেতু নির্মাণের দাবি বিভিন্ন সময় স্থানীয় সাংসদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের কাছে করেছি।’
ধোবাউড়া উপজেলা প্রকৌশলী বাবুল মিয়া বলেন, ‘বিষয়টি আমি সম্প্রতি জেনেছি। খুব দ্রুতই ওই এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’