ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ভাতাবঞ্চিত ১৩ মুক্তিযোদ্ধার মধ্যে সাতজন অবশেষে গত বৃহস্পতিবার তাঁদের ভাতা পেয়েছেন। বাকি ছয়জন অনুপস্থিত থাকায় পরে তাঁদের ভাতার টাকা দেওয়া হবে। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পরের দিনই তাঁরা এই ভাতার টাকা পেলেন।
ধোবাউড়া উপজেলার ১৩ মুক্তিযোদ্ধার গত বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের ভাতার টাকা প্রভাবশালী কয়েকজন মুক্তিযোদ্ধা ও সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী মিলে আত্মসাৎ করেছেন—ভাতাবঞ্চিত মুক্তিযোদ্ধাদের এমন অভিযোগ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘ধোবাউড়ায় ১৩ মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
উপজেলার সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৩ মুক্তিযোদ্ধার মধ্যে সাতজনের ওই তিন মাসের ভাতার টাকা সমাজসেবা অধিদপ্তর দিয়েছে। বাকি ছয়জন অনুপস্থিত থাকায় তাঁদের টাকা দেওয়া যায়নি। তবে যেকোনো সময় তাঁরা টাকা পেয়ে যাবেন। মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা সোনালি ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে প্রদান করা হলেও সংবাদ প্রকাশের পরদিন সমাজসেবা অধিদপ্তর তাঁদের কার্যালয়ে ওই সাতজনকে ডেকে নিয়ে টাকা দেয়।
সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক বলেন, কোনো কারণে ওই টাকা তাঁদের (১৩ মুক্তিযোদ্ধা) ব্যাংক হিসাব নম্বরে যোগ হয়নি। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগের নিয়মে মুক্তিযোদ্ধা তহবিল থেকে মাস্টার রোলের মাধ্যমে সাতজনকে টাকা দেওয়া হয়েছে। বাকি ছয়জন রোববার এসে টাকা নিয়ে যাবেন বলে তাঁদের জানিয়েছেন।