দুর্নীতির মাধ্যমে সরকারি গম আত্মসাতের মামলায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফোরকান উদ্দিন সেলিম মৃধাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।২০০১ সালের ওই মামলায় গতকাল রোববার বিকেলে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সেলিম মৃধা। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. শরীফ উদ্দিন আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠান।মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচির আওতায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাড়ে নয় লাখ টাকার গম বরাদ্দ হয়। ভুয়া কাগজপত্র করে ওই গম আত্মসাতের অভিযোগে একই বছর সেলিম মৃধার (তখন তিনি খাদ্য অধিদপ্তরের ডিলার ছিলেন) বিরুদ্ধে মামলা হয়। পরবর্তী সময়ে মামলাটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে পুনরায় দুদক আইনে আরও একটি মামলা করেন।অন্য আসামিরা হলেন: তৎকালীন ইউএনও রুহুল আমীন মুন্সী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম, সহকারী শিক্ষা কর্মকর্তা নবী হোসেন, ঘটনার সঙ্গে জড়িত আবদুল কুদ্দুস ও হাবিবুর রহমান। আসামিদের মধ্যে নবী হোসেন মারা গেছেন।দীর্ঘদিন তদন্ত শেষে গত বছরের ২৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। সেলিম মৃধা, রুহুল আমীন মুন্সী ও আবদুর রহিম আদালত থেকে জামিন নেন এবং শেষ দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন।