ধোবাউড়ার তিন কৃষক হত্যায় আটজনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচিত তিন কৃষক হত্যা মামলার রায়ে আটজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোতাহার, শফিকুল, ওমর আলী, রফিকুল, আবদুর রহিম, বুলবুল, এরশাদ আলী ও আশরাফ আলী। আসামি জিয়াউল হক ওরফে জুয়েলকে আদালত যাবজ্জীবন সাজা দেন। মৃত্যুদণ্ড পাওয়া শফিকুল ও ওমর আলী পলাতক।আসামি হোসনে আরা, আল আমিন ও রোকেয়া খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন। এই তিনজনই পলাতক রয়েছেন। এ ছাড়া আসামি এরশাদ আলী, আশরাফ আলী, হানিফ ও রহিমা খাতুনকে দুই বছর করে কারাদণ্ড এবং আসামি আবদুর রাজ্জাককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে আসামি মোতাহার হোসেন, আবদুর রহিম, আবদুর রাজ্জাক, জিয়াউল হক,্রমো. হানিফ ও আশরাফ আলীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।২০০৬ সালের ২২ জানুয়ারি ধোবাউড়ার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চোরের ভিটা গ্রামের হরিদাস সূত্রধর, নিরঞ্জন সূত্রধর ও বিমল সূত্রধর বিরোধপূর্ণ জমিতে ধান বুনতে গেলে আসামিরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করে। আসামিদের অস্ত্রের কোপে ওই তিন কৃষক নিহত হন। এ ঘটনার পরদিন নিহত কৃষকদের আত্মীয় শ্যামল সূত্রধর স্থানীয় যুবদলের নেতা মোতাহার হোসেন প্রদীপসহ ১৬ জনকে আসামি করে ধোবাউড়া থানায় এই মামলা করেন।্র২০০৬ সালের ৮ জুন অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী এই ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান ও মোরশেদ আলম তালুকদার বাবুল।