ধোবাউড়ার পাঠকেরা ‘প্রথম আলো’ বঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পাঠকেরা গতকাল সোমবার প্রথম আলো পড়া থেকে বঞ্চিত হয়েছেন। জানা গেছে, ধোবাউড়ার পত্রিকা বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রথম আলোর বান্ডিলটি গতকাল পথিমধ্যে কে বা কারা গায়েব করে দেয়।প্রথম আলোর গতকালের সংখ্যার শেষ পৃষ্ঠায় ‘পাহাড়ি সেলিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়!’ শিরোনামে একটি এবং ২১ নম্বর পৃষ্ঠায় ‘গম আত্মসাতের মামলায় সেলিম জেলহাজতে’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। ধোবাউড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফোরকান উদ্দিন সেলিম মৃধার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের দিন প্রথম আলোর বান্ডিলটি গায়েব হয়ে যওয়ার ঘটনাটি রহস্যজনক।ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পত্রিকা বিক্রেতা প্রতিষ্ঠান হালুয়াঘাট বুক সেন্টার অ্যান্ড পেপার হাউসের মালিক আবদুল্লাহ হাসান বলেন, তিনি ময়মনসিংহ বুকস্টল থেকে পত্রিকা কিনে গ্রাহকদের মধ্যে বিতরণ করেন। গতকাল প্রথম আলোর বান্ডিল না পেয়ে তিনি ওই বুকস্টলে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে জানানো হয়, গতকালের বান্ডিলে নির্ধারিত সংখ্যার চেয়ে আরও কয়েকটি বেশি পাঠানো হয়েছে।ময়মনসিংহ বুকস্টলের কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, তাঁরা অন্য দিনের মতো গতকালও প্রথম আলোর বান্ডিল পাঠিয়ে দেন। কিন্তু কীভাবে সেটি গায়েব হয়ে গেল, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না।গতকাল পত্রিকা না পেয়ে ধোবাউড়ার বেশ কয়েকজন পাঠক প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন।ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন জানান, তাঁর কার্যালয়েও গতকাল প্রথম আলো না দিয়ে অন্য একটি পত্রিকা দেওয়া হয়। পরে তিনি ইন্টারনেটে প্রথম আলো পড়ে নেন।