ধোবাউড়ায় পাহাড়ি ঢলে ৭২ গ্রাম প্লাবিত, ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে ৭২টি গ্রাম প্লাবিত হয়েছে। ওই সব গ্রামের মানুষ পানিবন্দী থাকায় গতকাল রোববার থেকে উপজেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ধোবাউড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার থেকে পাহাড়ি ঢলে উপজেলার নেতাই নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। শনিবার সন্ধ্যায় কালীবাড়ী গুদারাঘাট এলাকায় নেতাইয়ের পাড় ভেঙে পানি ছড়িয়ে পড়ে। এতে গতকাল পর্যন্ত উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা, পোড়াকান্দুলিয়া, ধোবাউড়া, গোয়াতলা ও বাঘবেড় ইউনিয়নের ৭২টি গ্রাম প্লাবিত হয়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে উপজেলার প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির আমন ধান।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ধোবাউড়ার কিছু গ্রাম প্লাবিত হলেও এ বছর টানা বৃষ্টি থাকায় এত বেশিসংখ্যক গ্রাম প্লাবিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নয়াপাড়া, জাঙ্গালিয়াপাড়া, দুধকুড়া, ভল্লবপুর, খাগগড়া, সোহাগীপাড়া, উত্তর রানীপুর, নাঙ্গলজোড়া, রণসিংহপুর, কামালপুর, দক্ষিণ রানীপুরসহ বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, পাহাড়ি ঢলে বাড়িঘর প্লাবিত হওয়ায় অনেকেই বাড়ির সামনের উঁচু সড়কে বাস করছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে মানুষ। গ্রামবাসীর আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে।

গতকাল ওই আসনের সাংসদ জুয়েল আরেং ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেলোয়ার হোসেন পানিবন্দী বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করেন।

ইউএনও দেলোয়ার হোসেন বলেন, পাহাড়ি ঢলের কারণেই উপজেলার ৭২টি গ্রাম প্লাবিত হয়েছে। আশা করা যায়, দু–এক দিনের মধ্যেই পানি নেমে যাবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষের মধ্যে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে।