ধোবাউড়ায় ফল বিক্রেতার লাশ উদ্ধার
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শাহীন মিয়া (২২) নামের এক ফল বিক্রেতা খুন হয়েছেন। গতকাল সোমবার বিকেলে ধোবাউড়া থানার পুলিশ সেখানকার একটি হাওর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি উপজেলার লাঙ্গলজোড়া গ্রামে। তাঁর গলায় ও সারা গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহীন মিয়া তাঁর বাবা রুহুল আমীনের সঙ্গে ধোবাউড়া বাজারে ফলের ব্যবসা করতেন। গত রোববার রাত সাড়ে আটটার দিকে বকেয়া টাকা আদায় করতে দোকান থেকে বেরিয়ে শাহীন মিয়া আর বাড়ি ফেরেননি। রাতভর পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে কোথাও পায়নি। গতকাল ধোবাউড়া গ্রামের হাওর এলাকার খেতে শ্রমিকেরা ধান কাটতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে পরিবারের লোকজন শাহীনের লাশ শনাক্ত করে। পুলিশে খবর দিলে ধোবাউড়া থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর ধারণা, ফল বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটাতে পারে।ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাকিবুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে।