ধোবাউড়ায় বিএনপির দুই পক্ষের শোকসভা, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির প্রয়াত এক নেতার শোকসভা একই স্থানে একই সময় আয়োজনের ঘোষণা দিয়েছেন দলটির দুই পক্ষের নেতা-কর্মীরা। পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সদস্য ও বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসিম ৬ জানুয়ারি মারা যান। গতকাল শনিবার বিকেলে উপজেলার মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার মাঠে তাঁর শোকসভা করার ঘোষণা দিয়ে দুই পক্ষ প্রচারণা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধতে পারে বলে আশঙ্কা করা হয়।পুলিশ সূত্র জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন গতকাল বেলা একটা থেকে রাত ১০টা পর্যন্ত মাদ্রাসার মাঠে সব ধরনের সমাবেশ ও সভা নিষিদ্ধ করেন। উপজেলা বিএনপির একটি পক্ষের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের পক্ষ থেকেই প্রথমে শোকসভার আয়োজন করা হয়। কিন্তু গতকাল সকালে অপর পক্ষের লোকজনও একই সময়ে শোকসভা করার প্রচারণা চালায়। এতে বাধ্য হয়ে তাঁরা বেলা তিনটার দিকে চণ্ডীকান্দা গ্রামে প্রয়াত আবুল হাসিমের বাড়িতে শোকসভা ও দোয়া মাহফিল করেন।অপর পক্ষের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম বলেন, ওই স্থানে শোকসভা করার অনুমতি চেয়ে ইউএনও বরাবর আবেদন জানিয়ে পাওয়া যায়নি। তাই তাঁদের পক্ষ থেকে শোকসভা হয়নি।ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলীমুজ্জামান বলেন, ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি থাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।