ধোবাউড়ায় যুবক খুন শ্বশুর গ্রেপ্তার
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের দক্ষিণ রানীপুর গ্রামে রতন মিয়া (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রতনের শ্বশুর আমিনুল ইসলামকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কয়েক মাস আগে স্ত্রী শিউলি খাতুনকে তালাক দেন রতন মিয়া। পরে তিনি পার্শ্ববর্তী সোহাগীপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে রুবিনা আক্তারকে নিয়ে ঢাকায় পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর গত রোববার প্রথমবারের মতো নতুন স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে যান রতন মিয়া। খবর পেয়ে দিবাগত রাত তিনটার দিকে ওই বাড়িতে হামলা করে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রুবিনার বাবা আমিনুল ইসলাম ও তাঁর লোকজন। বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রতন মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক আবস্থায় ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।