ধ্বংস, তাণ্ডব আর সবুজ উপড়ানোর চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের আলো ফুটেছে ঘণ্টা খানেক আগে। এর মধ্যেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ফকিরাপুলের আবদুল হাকিমের কাছে আলাদা সোমবারের সকালটা। জামায়াত-শিবির ও বিএনপির সহযোগিতায় হেফাজতে ইসলামের কর্মীদের নারকীয় তাণ্ডবলীলার ক্ষতচিহ্ন ভড়কে দিয়েছে তাঁকে। চারপাশটা তাঁর নিজের কাছেই যেন এক অচেনা এলাকা!‘এভাবে কেউ ল্যাম্পপোস্ট, সড়ক বিভাজকের ইস্পাতের কাঠামো আর কংক্রিট উপড়ে ফেলতে পারে, এটা তো কল্পনা করা যায় না’—বলছিলেন মধ্যবয়সী আবদুল হাকিম। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবেদকের সঙ্গে তাঁর কথা হয়। হেফাজতের কর্মীদের শাপলা চত্বর থেকে হটিয়ে দেওয়ার পর কাকরাইল-নয়াপল্টন-বিজয়নগর-মতিঝিল ঘুরে যে কারোরই চোখে ঘোর লাগার কথা! সেই সঙ্গে চোখে পড়ে বিভাজকের সৌন্দর্যবর্ধনকারী গাছগুলোর করুণ পরিণতি। নির্বিচারে স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে এ এলাকার অসংখ্য গাছ কেটে ফেলে রাস্তায় গতকাল অবরোধ সৃষ্টি করা হয়।বিজয়নগরের বিভাজকের গাছগুলো তো বটেই, পুরো এলাকার বিভাজকের গাছের পাশাপাশি শোভাবর্ধনকারী লতানো গাছগুলোও অবরোধকারীদের আক্রোশ থেকে রেহাই পায়নি। এলাকাজুড়ে চোখে পড়েছে রাস্তায় পড়ে থাকা ভাঙা কাচ, ইটের টুকরো, বিভাজকের ইস্পাত ও কংক্রিটের কাঠামো। এ ছাড়া চোখে পড়েছে সদ্য লাগানো সৌরবিদ্যুৎচালিত ল্যাম্পপোস্ট ও বিদ্যুতের তার। আর স্কাউট ভবনের সামনে তখনো তাণ্ডবের সাক্ষ্য বহন করছে অবরোধকারীদের হামলায় পুড়ে যাওয়া একটি গাড়ি। সরকারের আবাসন অর্থায়নসংক্রান্ত হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনটির আগুন দেখে মনে হচ্ছিল, এ যেন এক পোড়াবাড়ি। এ সময় আশপাশে থাকা লোকজন তখন পোড়া গন্ধে ভরা ভবনটির আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পবিত্র কোরআন শরিফের পাতার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। গতকাল সকালে শাপলা চত্বর ও তার চারপাশের এলাকা ঘুরে দেখার সময় চোখে পড়ছিল, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা জুতা, ভাঙা কাচ, ইটের টুকরো, বিভাজকের ইস্পাত ও কংক্রিটের কাঠামো সরানোর কাজে ভারী যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। পুলিশের ব্যারিকেড হিসেবে ব্যবহূত কাঁটাতারের বেড়াগুলো যেভাবে দুমড়েমুচড়ে ফেলা হয়েছে, তা সরাতে তাঁদের বেগ পেতে হচ্ছিল। শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড়ের দিকে এগোনোর সময় চোখে পড়েছে বিভিন্ন ভবনে অবস্থিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকের শাখার সাইনবোর্ড ও ভবনের কাচ ভাঙচুর করা হয়েছে।এ ছাড়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে ব্র্যাক ব্যাংকের একটি এটিএম বুথ