পর্যটনকেন্দ্র কুয়াকাটার সৈকতঘেঁষা ঝাউবাগান দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের প্রচণ্ড ঢেউয়ের ঝাপটায় গাছের গোড়া থেকে বালু সরে বাগানের গাছগুলো উপড়ে পড়ছে। সৈকতের ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে ঝাউবাগান বিলুপ্তির পাশাপাশি সৌন্দর্য হারাবে কুয়াকাটা। বন বিভাগ বলছে, ভাঙন রোধ করা না গেলে আগামী ১০ বছরের মধ্যে ঝাউবাগান বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
কুয়াকাটায় রয়েছে একই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগের বিরল সৈকত। সৈকতের কোল ঘেঁষে রয়েছে বিশাল বনাঞ্চল। সৈকতের পূর্ব দিকের কুয়াকাটা জাতীয় উদ্যানের ঝাউবাগান পর্যটকদের আকৃষ্ট করত। কিন্তু বছরের পর বছর সেই বাগানের গাছগুলো উপড়ে পড়ে ঝাউবাগান এখন ধ্বংস হতে চলেছে।
উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো জানান, অবিরাম ভাঙন এখন সৈকতের দিকে এগিয়ে আসছে। ভাঙন রোধ করা না গেলে আগামী ১০ বছরের মধ্যে ঝাউবাগান বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
বন বিভাগের পটুয়াখালী কার্যালয় থেকে জানা যায়, কুয়াকাটা পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে ২০০৭-২০০৮ অর্থবছরে ১০ হাজার হেক্টর জমির ওপর ঝাউবাগান গড়ে তোলা হয়। কিন্তু সেই বাগানও এখন ধ্বংস হতে চলেছে। ইতিমধ্যে এক কিলোমিটার এলাকার অন্তত ১০ হাজার ঝাউগাছ সাগরগর্ভে বিলীন হয়ে গেছে।
গত সোমবার কুয়াকাটা সৈকত ঘুরে দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গাছের মূল। ঢেউয়ের আঘাতে বালুতে লুটিয়ে পড়ছে বড় বড় গাছ। সৈকতে পড়ে থাকা গাছগুলো উপকূলের লোকজন কেটে নিয়ে যাচ্ছে। আর গাছের নিচের অংশ সৈকতেই পড়ে আছে।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, একসময় কুয়াকাটার সৈকতঘেঁষা নারকেলবাগান ছিল। নারকেলগাছের পাশাপাশি বিভিন্ন ফলদ ও ঔষধিগাছে বাগানটি সাজানো হয়েছিল। কিন্তু সৈকত ভাঙনের কবলে পড়ায় নারকেলবাগানটি এখন বিলুপ্তির পথে। আর ঝাউবাগান এখন ভাঙনের কবলে পড়েছে।
সৈকত এলাকার পাঞ্জুপাড়ার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘আমরা সমুদ্রপাড়ে থাহি। বইন্যা, জোয়ারের পানির মধ্যে থাকতে হয় আমাগো। সাগরপাড়ে গাছপালা থাকলে বইন্যার সময় বাতাস কম লাগে। বইন্যার সময় গাছপালা না থাকলে দমকা বাতাসে বাড়িঘর উড়াইয়া নিবে। গাছপালা না থাকলে বাঁধের ধারে বইন্যার সময় কেমনে থাহুম?’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, জলবায়ুর প্রভাবে সাগরপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বর্ষা মৌসুমে উত্তাল সাগরের ঢেউ আছড়ে পড়ে মূলের বালু ক্ষয়ে উপড়ে পড়ে গাছ ধ্বংস হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা প্রয়োজন।
পাউবো কলাপাড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, সৈকতটি রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতের প্রবেশমুখে পূর্ব দিকে তিন কিলোমিটার এবং পশ্চিম দিকে দুই কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন হলে বাঁধ নির্মাণকাজ শুরু হবে।