ধ্বংস হচ্ছে পরিবেশ-প্রতিবেশ সংরক্ষিত বনে ৩৩ ইটভাটা
কক্সবাজারের টেকনাফ, সদর, রামু, চকরিয়াসহ বিভিন্ন এলাকার সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে (ভেতরে) ৩৩টি ভাটা স্থাপন করে চালানো হচ্ছে ইট-বাণিজ্য। কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ পুড়িয়ে এবং নিচু ফসলি জমির মাটি দিয়ে ভাটায় ইট তৈরি ফলে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। এ ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা নেই।গত সোমবার বিকেলে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রাম পরিদর্শন করে দেখা গেছে, সংরক্ষিত বনের আধা কিলোমিটারের মধ্যে একটি ভাটা স্থাপন করে তৈরি করা হচ্ছে লাখ লাখ ইট। এখান থেকে তিন কিলোমিটার উত্তরে মুছনী গ্রামে সংরক্ষিত বনের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয় ‘এমএইচবি ব্রিক ফিল্ড’ নামে আরও একটি ভাটা।সংরক্ষিত বনের ভেতরে ভাটা তৈরির কারণ জানতে চাইলে এমএইচবি ব্রিক ফিল্ডের মালিক টেকনাফের মোহাম্মদ হাশেম, এআরবি ব্রিকের মালিক তোফাজ্জল আহমদ ও ভাই ভাই ব্রিকের মালিক জাফর আলম বলেন, সংরক্ষিত বনের ভেতরে হলেও তাঁরা ব্যক্তিমালিকানাধীন জমিতে এসব ভাটা তৈরি করেছেন। কিন্তু সংরক্ষিত বনের আধা কিলোমিটার ভেতরে বলে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে না। পরিবেশ ছাড়পত্র না থাকায় জেলা প্রশাসনও লাইসেন্সের মেয়াদ নবায়ন করছে না। এ নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। গত দুই দিন রামু ও চকরিয়ার কয়েকটি ইটভাটা পরিদর্শন করে দেখা গেছে, কয়লার পরিবর্তে অধিকাংশ ভাটায় জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছে। ভাটার চিমনি থেকে জ্বালানি কাঠের কালো ধোঁয়া বের হচ্ছে। রামুর রাজারকুল গ্রামের চাষি আবদুল কাইয়ুম (৪৫) ও সিরাজ মিয়া (৬৫) বলেন, কৃষিজমিতে ইটভাটা স্থাপনের ফলে চাষাবাদের জমি দ্রুত কমে যাচ্ছে। ইট তৈরির জন্য ফসলি জমির টপ সয়েল বিক্রি হওয়ায় বহু চাষি ফসল উৎপাদনের জমি পাচ্ছেন না। পাশাপাশি চিমনির কালো ধোঁয়ায় গ্রামের সবুজ গাছগাছালি বিবর্ণ হয়ে মারা যাচ্ছে। সংরক্ষিত বনের ভেতরে ইটভাটা স্থাপন প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃঞ্চ দাশ বলেন, সংরক্ষিত বনের জমিতে এ পর্যন্ত কোনো ইটভাটা তৈরি করা হয়নি। বনের তিন কিলোমিটারের ভেতরে যেসব ভাটা দেখা যায়, তা ব্যক্তিমালিনাধীন জমিতে। এ কারণে এসব ভাটা বন বিভাগ উচ্ছেদ করতে পারছে না। ইটভাটা তৈরির লাইসেন্স দেয় জেলা প্রশাসন। বনের ভেতরের অবৈধ ইটভাটা উচ্ছেদের দায়িত্বও জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। বন বিভাগ শুধু ইটভাটায় জ্বালানি কাঠ পোড়াচ্ছে কি না, তা তদারকি করে। অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সৈয়দ মো. নুরুল বাসির বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া আমরা কোনো ইটভাটার লাইসেন্স নবায়ন করছি না। এ কারণে কয়েক বছর ধরে ৩৯টি ভাটার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে কারা ইট তৈরি করছে, তা দেখছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সহযোগিতা চাইলে প্রশাসন প্রস্তুত রয়েছে।’ পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনের ভেতরে থাকা ৩৩টিসহ অবৈধ ৩৯টি ইটভাটার মালিককে কয়েক দিনের মধ্যে উৎপাদন বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নোটিশ পাঠানো হবে। তারপর ভাটা-মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।