ধ্বংস হচ্ছে বরগুনার ৩১টি বীজাগার
বরগুনার প্রত্যন্ত এলাকার ৩১টি বীজাগার সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে এগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বীজাগারগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেখানে বীজ সংরক্ষণ করা যাচ্ছে না। এতে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ সালের মধ্যে বরগুনার পাঁচটি উপজেলায় ৩৪টি বীজাগার নির্মাণ করা হয়। এরপর সেখানে কিছু লোক নিয়োগ দেওয়া হয় এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে বিএডিসির মাধ্যমে বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। নব্বইয়ের দশকে বিএডিসির কার্যক্রম সীমিত হয়ে পড়ায় এসব বীজাগার অব্যবহূত হয়ে পড়তে থাকে। অনেক বীজাগারের দেয়ালে লোনায় ধরেছে।কৃষি বিভাগ সূত্র জানায়, সদর উপজেলায় সাতটি, আমতলীতে ১০টি, বেতাগীতে ছয়টি, বামনায় চারটি ও পাথরঘাটা উপজেলায় সাতটি বীজাগার রয়েছে। বরগুনা সদরের সাতটি বীজাগারই অব্যবহূত পড়ে আছে। এর মধ্যে বদরখালী ইউনিয়নের কুমড়াখালী ও গৌরীচন্না ইউনিয়নের দুটি বীজাগার স্থানীয় বাসিন্দারা দখল করে নিয়েছেন। আমতলী উপজেলার ১০টি বীজাগার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বীজাগারটি একটি সেতু নির্মাণের সময় ভেঙে ফেলা হয়। হলদিয়ায় ইউপি কার্যালয় নির্মাণের সময় ওই ইউনিয়নের বীজাগারটি ভেঙে ফেলা হয়। আঠারোগাছিয়া ইউনিয়নের বীজাগারটি সংস্কার করে স্থানীয় পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া আরপাঙ্গাশিয়া, কড়ইবাড়িয়ার শারীকখালী, বড়বগী ইউনিয়নের বড়বগী বাজার, গুলিসাখালীর গোছখালী বাজার, পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়বাজার ও আমতলী সদরে খাদ্যগুদামসংলগ্ন এলাকার বীজাগারগুলো দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় অনেকটা ধংসস্তূপে পরিণত হয়েছে। বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার সাতটি বীজাগারের মধ্যে বর্তমানে ছয়টি বীজাগার কোনোমতে টিকে আছে। বুড়ামজুমদার ইউনিয়নের বদনিখালী এলাকার বীজাগারটি অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পৌর শহরের বীজাগারটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বামনার চারটি ও পাথরঘাটার সাতটি বীজাগারই বর্তমানে ব্যবহারের অনুপযোগী। বেতাগীর বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া, হোসনাবাদ ইউনিয়নের জলিসা, মোকামিয়ার মাছুয়াখালী, কাজিরাবাদের কুমড়াখালী ও সরিষামুড়ি ইউপি ভবনসংলগ্ন বীজাগারগুলো অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হোসনাবাদের কৃষক আফজাল হোসেন বলেন, বীজাগারের অভাবে কৃষকদের জন্য বরাদ্দ অনেক কৃষি উপকরণ উপজেলা সদরে গিয়ে আনতে পরিবহন ব্যয় ও অনেক ভোগান্তি হয়।বুড়ামজুমদার গ্রামের কৃষক আবদুর রব বলেন, ‘বীজাগার না থাহায় মোগো কষ্টের শ্যাষ নাই।’বেতাগী সদর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সুব্রত মিস্ত্রী ও আফরোজা বেগম বলেন, বীজাগারের অভাবে কৃষকদের অবর্ণনীয় কষ্টের শিকার হতে হচ্ছে। এসব বীজাগার সংস্কার করে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাদের কার্যালয় হিসেবে ব্যবহার করা হলে ভবনগুলো রক্ষার পাশাপাশি কৃষকদেরও কৃষি উপকরণ আনতে উপজেলা সদরে যেতে হতো না। বেতাগী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফাহরিয়া আমিনুল বলেন, বীজাগার অব্যবহূত ও সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা জেলা কার্যালয়ের উপপরিচালক ওসমান খান বলেন, ‘বেদখল হয়ে যাওয়া বীজাগারগুলো উদ্ধারে অচিরেই আমরা উদ্যোগ নেব। এ ছাড়া অব্যবহূত ও সংস্কারের অভাবে ধংস হয়ে যাওয়া ভবনগুলো সংস্কার করে এসব ভবনে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ইউনিয়ন কার্যালয় করার চেষ্টা করব।’