মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের বিশাল আমবাগান সৌন্দর্য হারাতে বসেছে। রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে ১০ বছরে বাগানের কয়েক শ গাছ মারা গেছে। চুরি হচ্ছে গাছের ডালপালা। বাগানের আম বিক্রি করে প্রতিবছর কয়েক লাখ টাকা আয় হলেও এটি পরিচর্যায় কোনো অর্থ বরাদ্দ নেই। এ কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বাগানটি।এ ছাড়া বাগানের বেশির ভাগ বৈদ্যুতিক বাতি চুরি হয়ে গেছে। তাই সন্ধ্যা হলেই বাগানে অন্ধকার নেমে আসে।সোমবার সরেজমিনে দেখা গেছে, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে সঞ্চৃতিসৌধ পরিষ্কার-পরিছন্নতার কাজ চলছে। সঞ্চৃতিসৌধ ঘিরে দাঁড়িয়ে আছে শতবর্ষী কয়েক শ আমগাছ। এর মধ্যে ৪৫ থেকে ৫০টি গাছ মরা। অনেক গাছের ডালপালা দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। মুজিবনগর গ্রামের মোতাহার উদ্দিন (৫৫) জানান, এভাবে ১০ বছরে প্রায় ৪০০ গাছ মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানে এখন প্রায় এক হাজার ৩০০ গাছ আছে। এবার সাত লাখ টাকায় বাগানের আম বিক্রি হয়েছে। কিন্তু বাগান পরিচর্যায় প্রশাসনের কোনো উদ্যোগ নেই।মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন জানান, পরিচর্যার অভাবে অনেক গাছ মরে গেছে। এর সঠিক কোনো হিসাব নেই। প্রতিবার আম বিক্রি করে কয়েক লাখ টাকা রাজস্ব আয় হয়। কিন্তু বাগান পরিচর্যা হয় না। বিষয়টি নিয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে একটি কমিটি করা হয়েছে। বাগান ঘিরে বিদ্যুতের কয়েক শ খুঁটি আছে। কিন্তু বেশির ভাগ খুঁটিতে বাতি নেই।গণপূর্ত বিভাগ মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ জানান, বাগান রক্ষণাবেক্ষণ ও মুজিবনগর প্রকল্প চালু করতে গণপূর্ত বিভাগ ৩৯ জন লোক নিয়োগ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাবপত্র দিয়েছে। আবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুজিবনগর কমপ্লেক্স ও স্মৃতিমানচিত্র চালু করতে ৪০ জন লোক নিয়োগ চেয়ে যে চিঠি দিয়েছে, তা অর্থ মন্ত্রণালয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এ কারণে জনবল না থাকায় মুজিবনগরের বাগান ধ্বংস হচ্ছে। চুরি হয়ে যাচ্ছে বৈদ্যুতিক বাতি।