ধ্বংসক্ষমতার সঙ্গে দামেও বিস্ফোরণ ককটেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি উদ্ধার করা ককটেল। ছবি: প্রথম আলো
সম্প্রতি উদ্ধার করা ককটেল। ছবি: প্রথম আলো

লাল টেপজড়ানো ছোটখাটো এক বস্তু। অবহেলায় পড়ে আছে পথের ধারে। কৌতূহলী হয়ে এগিয়ে গেল এক শিশু। বস্তুটি হাতে তুলে নিতেই ঘটে গেল প্রচণ্ড বিস্ফোরণ। পরমুহূর্তে দেখা গেল অঙ্গহানি ঘটে রক্তাক্ত শিশুটি কাতরাচ্ছে পথের ওপর।
সাম্প্রতিক সময়ে এমন ঘটনা ঘটেছে একাধিক। হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে সহিংসতা ঘটানোর অন্যতম বড় উপকরণ হয়ে দাঁড়িয়েছে এই বিস্ফোরক দ্রব্য, যা ককটেল নামে পরিচিত। ককটেল কত মানুষের জীবন কেড়ে নিয়েছে, কত সংসারের জীবিকার প্রধান ব্যক্তিকে পঙ্গু করে পরিবারটিকে পথে বসিয়েছে, এ পরিসংখ্যান কম বড় নয়।
আশঙ্কার কথা, রাজনৈতিক আন্দোলন কর্মসূচি ও সহিংসতার জের ধরে ককটেলের ব্যবহার দিন দিন বাড়ছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ককটেলের ধ্বংসক্ষমতা আর বাজারমূল্য।  গত এক মাসে এর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হিসাব মতে, এক বছরের ব্যবধানে শুধু রাজধানীতেই ককটেলের ব্যবহার বেড়েছে পাঁচগুণেরও বেশি। বিভিন্ন রাজনৈতিক দল ককটেল তৈরি করাচ্ছে। যাঁরা আর্থিক জোগানদাতা, তাঁদের ফরমায়েশ অনুযায়ী ককটেল বা বোমা তৈরি করে মাঠ পর্যায়ের কর্মিবাহিনীর হাতে এগুলো তুলে দেন মধ্যম সারির নেতারা।

নেতার ইচ্ছায় কর্ম
স্থান ও গুরুত্ব অনুযায়ী রাজনৈতিক দলের কর্মিবাহিনী এবং ক্ষেত্রবিশেষে ভাড়াটে লোক দিয়ে রাজপথে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অনুসন্ধানে দেখা গেছে, গত কোরবানির ঈদের পরের হরতালগুলোতে রাজনৈতিক দলের কর্মীরাই ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছেন। চলতি নভেম্বর মাসের ৬ তারিখে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে ককটেল ছোড়ার সময় হাতেনাতে ধরা পড়া জামায়াতের কর্মী আজগর আলী প্রথম আলো ডটকমকে এমন তথ্য দিয়েছিলেন। আজগর বলেন, ‘আমাদের নেতারা ককটেল দিছিলো। তাদের নির্দেশে ককটেল ফাটাছি।’

এ ছাড়া ৩ নভেম্বর রাজধানীর কাঁটাবন এলাকায় নিজের শরীরের রাখা বোমা বিস্ফোরণে আহত আনোয়ার হোসেনও ডিবি পুলিশকে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা জানিয়েছিলেন। আনোয়ার তাঁর সঙ্গী শফিকুল ইসলামের অনুপ্রেরণায় শাহবাগের গণজাগরণ মঞ্চে বোমা হামলা করতে যাচ্ছিলেন। কিন্তু কাঁটাবন মসজিদের পাশে চায়ের দোকানে সঙ্গে থাকা বোমটি বিস্ফোরিত হলে শফিকুল ও আনোয়ার আহত হন। শফিকুল পালিয়ে গেলেও আনোয়ার গুরুতর আহত হয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এর কয়েক দিন পর শফিকুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। শফিকুলও তাঁর রাজনৈতিক মতাদর্শের কথা উল্লেখ করে ১১ নভেম্বর  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে।

পুলিশের সূত্রগুলো জানাচ্ছে, কর্মী কিংবা ভাড়াটে, যারাই ককটেল বিস্ফোরণ ঘটাক না কেন, শীর্ষ নেতাদের আর্থিক জোগানে ককটেল তৈরি ও বিস্ফোরণের ঘটনা বেশি ঘটছে, এমন ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের। তাঁদের ধারণা, সরকারের শেষ সময়ে এসে নেতারা যাঁর যাঁর কৃতিত্ব দেখাতে চাইছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ে দৃষ্টি আকর্ষণের উপায় হিসেবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন। ককটেল বা বোমা তৈরি করার জন্য অর্থের বিনিয়োগ বেশি হচ্ছে।

ককটেলের একাল-সেকাল
ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, এ দেশে রাজনৈতিক কর্মকাণ্ডে দেশে ককটেলের ব্যবহার শুরু হয় এরশাদবিরোধী আন্দোলনের সময় ১৯৮৫ সালের দিকে। তবে সে সময় তৈরি ককটেলগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা ছিল না বললেই চলে—এমন তথ্য জানান ডিবির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের প্রধান অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, আগের ককটেলগুলো বিস্ফোরিত হলে সামান্য শব্দ হতো। এর সঙ্গে কিছুটা ধোঁয়া বের হতো। কিন্তু বর্তমানের ককটেলগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা আছে।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিবি সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় বোমা তৈরির বেশ কয়েকটি কারখানা খুঁজে পায়। সেখানে মেলে ককটেলের বিভিন্ন উপকরণ। ছানোয়ার হোসেন জানান, লোহা, পেরেক, কাচের টুকরা ও পাথরের গুঁড়ার মতো উপকরণ থাকায় এখনকার ককটেলগুলো প্রাণঘাতী ও ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি।

জানা গেছে, ১১ নভেম্বর রাজধানীর আজিমপুর এলাকা থেকে ১৫৭টি ককটেল আটক করে ডিবি। এর আগের দিন রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি মেস থেকে দেড় শ ককটেল ও ককটেল তৈরির উপকরণ আটক করে পুলিশ। পরীক্ষাগারের ফলাফল থেকে ডিবির কর্মকর্তারা জানতে পেরেছেন, আজিমপুরের চেয়ে কাঁঠালবাগান এলাকা থেকে আটক ককটেলগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা বেশি।     

ককটেল-বোমার কারখানা এখন রাজধানীর বুকে
পুলিশি হয়রানি ও নজর এড়াতে এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় ককটেল তৈরির কারখানা এখন খোদ রাজধানীতেই গড়ে উঠেছে। আবাসিক এলাকা কিন্তু সাধারণ মানুষের দৃষ্টি ও সন্দেহের বাইরে, এমন ফ্ল্যাট ও বাড়ি ককটেল তৈরির উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে। গত ৩ নভেম্বর কাঁটাবনে বোমা বিস্ফোরণে আহত শফিকুল ইসলাম ও তাঁর সঙ্গী আনোয়ার আফতাবনগর এলাকায় এমন একটি বাসায় থাকতেন। সেখানে থেকেই বোমা তৈরি করতেন এই দুজন। ডিবির কর্মকর্তাদের ধারণা, ধ্বংসাত্মক ক্ষমতা থাকায় এই বিপুলসংখ্যক ককটেল বহন করা হলে বিস্ফোরণের আশঙ্কা থাকে। তাই এসব ফ্ল্যাটেই ককটেলগুলো তৈরি করা হয়েছে।

সব শেষ ২০ নভেম্বর বুধবার ভোরে মিরপুরের পল্লবীর ই-ব্লকের ৭ নম্বর লেনের ২ নম্বরের আবাসিক বাসায় বোমা তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও আটটি তাজা বোমাসহ রাজীব হাসান ও স্বপন খান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। মিরপুর বিভাগীয় পুলিশের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, এসব সরঞ্জাম দিয়ে শতাধিক বোমা তৈরি করা যায়। 

একই  দিন ৭৩ নম্বর পশ্চিম ডেমরার নিজের বাসায় ককটেল তৈরির সময় ডিবির কাছে হাতেনাতে ধরা পড়েন এম এ মতিন এবং তাঁর ছেলে শাহিন। বাড়িটি থেকে ৪০টি ককটেল আটক করা হয়।

কারিগরের অভাব নেই
প্রযুক্তির কল্যাণে এখন ককটেল ও বোমা সহজেই ঘরে বসে তৈরি করা যায়। উত্তপ্ত রাজপথ ধরে যেহেতু ককটেল এখন অপরিহার্য বস্তুতে পরিণত হয়েছে, তাই কেউ নিজেরা এগুলো তৈরি করছেন, কেউ বা তৈরি করে বিক্রি করছেন নগদ অর্থের বিনিময়ে। ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় জানান, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ওয়েবসাইট থেকে বোমা তৈরির কলাকৌশল রপ্ত করছে বোমা-কারিগরেরা।

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হিসাবে, ককটেল তৈরির দক্ষ কারিগর রয়েছেন ১৫ জনের মতো। তাঁদের মধ্যে ১২ জন গ্রেপ্তার আছেন, যাঁরা কোনো রাজনৈতিক দলের নন। ককটেল-বোমা তৈরি করাই তাঁদের উদ্দেশ্য। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় প্রযুক্তির বদৌলতে ককটেল ও বোমা তৈরি করছেন বিভিন্ন দলের লোকজন। যাঁরা পেশাদার কারিগর, তাঁরা দামও হাঁকাচ্ছেন বেশি। গ্রেপ্তার হওয়াদের স্বীকারোক্তি অনুযায়ী, একটি মাঝারি মাত্রার ককটেল তৈরি আগে খরচ পড়ত ৩০০ টাকা, বর্তমানে উপকরণের দাম বেড়ে যাওয়ায় সেটি দাঁড়িয়েছে ৫০০ টাকায়। 

উপকমিশনার ছানোয়ার হোসেন বলেন, এক হাজার টাকার নিচে এখন আর ককটেল মেলে না। ধ্বংসক্ষমতা যত বেশি,  ককটেল ও বোমার দামও সেই হারে বেড়ে যায়। এর সঙ্গে প্রযুক্তির ব্যবহার হলেও দাম আরও বাড়ে।

ককটেল আটক ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে
গত ২০১২ সালে বিরোধী দলের হরতালের সময় এক শর মতো ককটেল আটক করে ডিবি। সেখানে এ বছরের ২৬ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ২৬টি অভিযানে ৬৬০টি ককটেল ও পাঁচটি সার্কিট বোমা আটক করা হয়েছে। এর সঙ্গে সোয়া চার কেজি বোমা তৈরির উপকরণও আটক করা হয়। এসব উপকরণ দিয়ে এক হাজার ককটেল তৈরি করা যায়। ডিবির হিসাব অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাঁচ শর মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।