ধ্বংসযজ্ঞ চালিয়েছে হেফাজত, জামায়াত ও বিএনপি: বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ চালিয়ে রাজধানীকে বিরানভূমিতে পরিণত করেছেন হেফাজত, জামায়াত আর বিএনপির সহিংস কর্মীরা।

গতকাল সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন। সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা আহসানউল্লাহ মাস্টারের নবম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘যারা ক্ষমতায় থাকতে ধর্মের নামে উন্মাদনা সৃষ্টিকারীদের লালন করে, বাংলা ভাইয়ের সৃষ্টি করে, আহসানউল্লাহ মাস্টার, এসএএমএস কিবরিয়াসহ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর জীবন কেড়ে নেয়, তারা আজও সেই সন্ত্রাসীদের লালন করছে, মদদ দিচ্ছে। গত রোববার জাতি গভীর উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করেছে, কীভাবে ধর্মের দোহাই দিয়ে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে দেওয়া হয়েছে, জনগণের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হেফাজতের আড়ালে জামায়াত-শিবির যা করেছে, তা পরিষ্কারভাবে ফৌজদারি অপরাধ। তাদের বিরুদ্ধে অবশ্যই ফৌজদারি অপরাধে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সংগঠনের সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভিনেতা এ টি এম শামসুজ্জামান, কৃষক লীগের নেতা এম এ করিম, যুবলীগের নেতা মনজুরুল আলম শাহীন, নারীনেত্রী ইয়াদিয়া জামান প্রমুখ বক্তৃতা করেন।