ধ্বংসযজ্ঞের ছবি এঁকে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রের মৃত্যুর জের ধরে শহরের সুরসম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে জাতীয় শিল্পীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্প শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক ও সংগীতাঙ্গনের সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন ক্যাম্পের উদ্বোধন করেন।
বাংলাদেশে শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ ক্যাম্প শহরের পুরোনো জেলা রোড এলাকায় অবস্থিত সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সমাপনী বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
সংগীতাঙ্গনের যুগ্ম সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, যারা বাংলাদেশের অগ্রগতিতে বিশ্বাস করে না এবং অপসংস্কৃতি করে, তারাই ১২ জানুয়ারি ওস্তাদ আলাউদ্দিন সংগীতঙ্গানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
আলাউদ্দিন সংগীতাঙ্গন সূত্রে জানা গেছে, সংগীতাঙ্গনে বর্বরোচিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সংগীতাঙ্গনের প্রাঙ্গণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বুধবার ও আজ বৃহস্পতিবার দুই দিনব্যাপী আর্টিস্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা থেকে চিত্রশিল্পীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সংগীতাঙ্গনে পৌঁছায়। দলটির নেতৃত্ব দিচ্ছেন চিত্রশিল্পী আবদুল মান্নান। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংস হয়ে যাওয়া আলাউদ্দিন সংগীতাঙ্গনের বিভিন্ন চিত্রকর্ম ও ধ্বংসযজ্ঞের ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ জানাবেন শিল্পীরা।
গতকাল সন্ধ্যা ছয়টায় আলাউদ্দিন সংগীতাঙ্গনে গিয়ে দেখা যায়, বিভিন্ন ধ্বংসযজ্ঞের সামনেই শিল্পীরা দাঁড়িয়ে ছবি আঁকছেন। কেউ কেউ দাঁড়িয়ে আছেন আগুনে পুড়ে যাওয়া ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি জাদুঘরে, কেউবা এর মিলনায়তনে তো অন্য কেউ পুড়ে ছাই হয়ে যাওয়া অফিসকক্ষে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আবদুল মান্নান, রঞ্জিত দাস, মো. আলাপ্তগীন, আবদুস সাত্তার, কালাম উদ্দিন, সোহাগ পারভেজ, জয়ন্ত সরকার, মিত্রা বিশ্বাস, সানিয়া আক্তার, শিল্পী অরিন।
১১ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে জেলা পরিষদ মার্কেট এলাকায় একজন ইজিবাইকচালকের সঙ্গে কান্দিপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় মাদ্রাসার ছাত্ররা জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনি আহমেদকে মারধরসহ দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ হয়। একপর্যায়ে আহত মাদ্রাসার ছাত্র মাসুদুরকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এর জের ধরে পরদিন জেলা রেলওয়ে স্টেশন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, গ্রন্থাগার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।