গাজীপুরের টঙ্গীর টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ড ও ভবনধসের ১৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে গতকাল সোমবার আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৯ হলো।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, এই তিনটিসহ অজ্ঞাত লাশের সংখ্যা দাঁড়াল ১০টিতে। এর আগে গত শনিবার দুপুরে একজনের লাশ উদ্ধার করা হয়।
গতকাল পাওয়া তিনটি লাশের একটির নিচে একটি মানিব্যাগ পাওয়া গেছে। মানিব্যাগে পাওয়া ডেবিট কার্ড দেখে একজনকে কারখানার মেশিন অপারেটর মো. চুন্নু মোল্লা বলে ধারণা করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
১০ সেপ্টেম্বর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় আহত হন ৪০ জনের বেশি।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সকালে কারখানার প্রিন্টিং সেকশনের পশ্চিম পাশে দুটি ভবনের মাঝামাঝি স্থানে উদ্ধারকাজের সময় সেনাবাহিনীর উদ্ধারকারী দল পাশাপাশি তিনটি দগ্ধ ও গলিত লাশ দেখতে পায়। বেলা সাড়ে ১১টার দিকে দুটি এবং দেড়টার দিকে একটি লাশ উদ্ধার করা হয়। একটি লাশের নিচে মানিব্যাগ পাওয়া যায়। ওই মানিব্যাগ থেকে ৫০০ টাকার একটি নোট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি ডেবিট কার্ড অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ওই কার্ডের সূত্র ধরে জানা গেছে, কার্ডটি মো. চুন্নু মোল্লার (২৫), বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভিমনগর এলাকায়। তিনি কারখানার মেশিন অপারেটর ছিলেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান বলেন, লাশগুলো পুড়ে ও পচে-গলে যাওয়ায় কিছুই বোঝা যাচ্ছে না। এ কারণে তিনটি লাশেরই ডিএনএ পরীক্ষা করা হবে।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ডিএনএ ল্যাবে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনায় কারখানার নিখোঁজ ১১ জনের মধ্যে নয়জনের পরিবারের দুজন করে সদস্য ল্যাবে তাঁদের ডিএনএ নমুনা (লালা ও রক্ত) দিয়েছেন।
গতকাল বেলা দেড়টার দিকে ওই কারখানায় গিয়ে দেখা গেছে, সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাশে এক কোনায় বসে কাঁদছেন ও বিলাপ করছেন গৃহবধূ নারগিস আক্তার (৩০)। লাশ উদ্ধারের খবর পেয়ে ছুটে এসেছেন তিনি। তাঁর স্বামী মো. রফিকুল ইসলাম এখনো নিখোঁজ। নারগিস আক্তার বলেন, ‘আমি অসুস্থ। আমার স্বামী আমারে হাসপাতালে নিয়ে যাইত। আমার স্বামীকে তো পাচ্ছি না। কীভাবে আমার সংসার চলবে। আমার সব শেষ হয়ে গেছে।’
লাশ উদ্ধারের খবর পেয়ে গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল ঘটনাস্থলে যান। তিনি নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘এই দুর্ঘটনার জন্য কারখানার মালিক বা কর্তৃপক্ষ কেউই দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।’