সাভারে ধসে পড়া রানা প্লাজার পেছনের ধ্বংসস্তূপের মধ্যে একটি মাথার খুলি ও ১০টি হাড় পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে কয়েকজন পথশিশু মালামাল কুড়াতে গিয়ে এগুলো খুঁজে পায়৷ পরে খবর পেয়ে পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়৷
উদ্ধার অভিযান শেষ হওয়ার পরও এই নিয়ে কয়েক দফায় হাড়গোড়, কঙ্কাল ও মাথার খুলি পাওয়া গেছে৷ এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন শ্রমিকসংগঠন ধ্বংসস্তূপের ভেতরে উদ্ধার অভিযান চালানোর দাবি জানিয়ে আসছে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে রানা প্লাজার পেছনের ধ্বংসস্তূপে কয়েকজন পথশিশু মালামাল কুড়াতে যায়৷ এ সময় তারা মানুষের শরীরের ১০টি হাড় ও একটি মাথার খুলি কুড়িয়ে পায়। তারা এগুলো ফেলে রেখেই চলে যায়৷ খবর পেয়ে উদ্ধারকর্মী তোতা মিয়াসহ মিমনুর ও সিদ্দিক খুলি ও হাড়গোড় উদ্ধার করে রানা প্লাজার সামনে নির্মিত স্মৃতিস্তম্ভের ভিত্তির ওপর রেখে দেন৷ এ সময় স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন৷ খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরাও সেখানে আসেন৷ পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে জব্দ তালিকা করে খুলি ও হাড়গোড় থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, উদ্ধার হওয়া খুলি ও হাড়গোড় ডিএনএ পরীক্ষার জন্য আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে৷
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জন মারা যান। আহত হন কয়েক হাজার শ্রমিক। ভয়াবহতম এই দুর্ঘটনার পর ১৪ মে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়৷ কিন্তু এর পরও কয়েক দফায় রানা প্লাজার পেছনে ফেলে রাখা ধ্বংসস্তূপ থেকে কঙ্কাল, হাড়গোড় ও মাথার খুলি পাওয়া গেছে৷
ভবনধসের আট মাস পর ১৩ ডিসেম্বর প্রথম হাড়গোড় পাওয়া যায়৷ পথশিশুরা পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে একটি কঙ্কাল ও মাথার খুলি কুড়িয়ে পায়। কুড়িয়ে পাওয়া ওই কঙ্কালটি ছিল ধসে পড়া রানা প্লাজার তিনতলার নিউ ওয়েব বটমসের সুইং সহকারী ওবায়দুল হকের। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডাকিরকান্দা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।
বারবার কঙ্কাল, হাড়গোড় ও খুলি উদ্ধার হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শ্রমিকসংগঠন ধ্বংসস্তূপের ভেতরে উদ্ধার অভিযান চালানোর দাবি জানিয়ে আসছে।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, এখনো ১৩০ জনের ওপরে শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে পাওয়া কঙ্কাল, হাড়গোড় ও খুলি ওই নিখোঁজ শ্রমিকদেরই। এর পরও সরকারের পক্ষ থেকে এসব নিখোঁজ শ্রমিককে মৃত ঘোষণা করে তাঁদের স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না৷ তিনি ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালানোর দাবি জানান৷
যোগাযোগ করা হলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা প্রথম আলোকে বলেন, হাড়গোড় উদ্ধার হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। কিন্তু উচ্চপর্যায় থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় নতুন করে উদ্ধার অভিযানের ব্যাপারে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।